শত্রুর যেকোনো পরিকল্পনা মোকাবিলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী: জেনারেল সাফাভি

ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি বলেছেন, শত্রুর যেকোনো পরিকল্পনার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

মহররম উপলক্ষে আয়োজিত এক শোকানুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

সাফাভি বলেন, ‘ইহুদিবাদীরা জানে আমাদের নৌবাহিনী ও কুদস ফোর্সের মতো কিছু বাহিনী তাদের সঙ্গে এখনো সরাসরি যুদ্ধে অংশই নেয়নি। এমনকি সেনাবাহিনীর মূল ইউনিটগুলোও এখনো ময়দানে নামেনি।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছি এবং সেগুলোর সংরক্ষণস্থল পুরোপুরি নিরাপদ।’

সাফাভি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির একজন সামরিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৩ জুন ইরানে সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় টানা ১২ দিন ধরে আগ্রাসন চালায় বর্বর ইসরাইলি বাহিনী। ২২ জুন যুক্তরাষ্ট্র এই আগ্রাসনে সরাসরি যুক্ত হয়ে ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

এই হামলার পাল্টা জবাবে ইরানি সামরিক বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায়। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর অংশ হিসেবে ইসরাইলের দখলকৃত ভূখণ্ডজুড়ে ২২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ইসরাইলি শহরগুলো।

এছাড়াও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী কাতারের আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটি পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। ২৪ জুন থেকে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির ফলে বর্তমানে লড়াই বন্ধ রয়েছে।

LEAVE A REPLY