মালিহা তাবাসসুম খেয়া
‘ভাবনা নদী’, ‘আমার পরাণে’ বা ‘মনেতে আকাশ’—গত দশকের জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী মালিহা তাবাসসুম খেয়া। মাঝখানে কিছুটা বিরতি পড়লেও এখন আবার গানে নিয়মিত হয়েছেন, গঠন করেছেন ব্যান্ডও। খেয়ার সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
কেমন আছেন?
ভালো।
একটা স্টুডিওতে নতুন গানের রেকর্ডিংয়ে আছি। প্রায় প্রতিদিনই নতুন নতুন গানের সঙ্গে যুক্ত হচ্ছি। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! মাঝখানে অসুস্থতার কারণে গান থেকে দূরে থাকতে হয়েছিল। আল্লাহর কাছে লাখ লাখ শোকর, এখন আমি পরিপূর্ণ সুস্থ।
একসময় সফট রোমান্টিক গানেই পাওয়া যেত আপনাকে। গত বছর থেকে আপনাকে রক গানে পাওয়া যাচ্ছে বেশি। বিষয়টা কী?
রক ঘরানার গানে প্রতিবাদী শব্দের ব্যবহার বেশি হয়। আমি ছোটবেলা থেকেই বিদ্রোহী।
অন্যায়ের প্রতিবাদ করতে ভালোবাসি। বন্ধু রাজিব ইসলাম [গীতিকার, সুরকার, শিল্পী] গত বছর আমাকে নিয়ে প্রথম এক্সপেরিমেন্ট করে। ‘উড়ে যাও’ শিরোনামের একটি রক গান করে আমার জন্য। সেটি গাওয়ার সময় এক ধরনের উন্মাদনা অনুভব করলাম। প্রকাশের পর শ্রোতারাও পছন্দ করলেন।
বিশেষ করে আশপাশের মানুষ জানালেন, গানটি বেশ লেগেছে। এরপর থেকে আমি আর রাজিব ঠিক করলাম রক ঘরানার গান নিয়মিত করব।
নতুন গান কবে আসছে?
নতুন যে গানটি শ্রোতারা শুনতে পাবেন সেটিও রক ঘরানার। নাম ‘বজ্র’, রাজিবের লেখা ও সুর। এর মধ্যে আমরা ভিডিও তৈরি করেছি। কিছু দিনের মধ্যেই প্রকাশ করব। এই গানে উঠে আসবে অন্যায়ের প্রতিবাদ, নিরীহদের প্রতি সহমর্মিতা। গানটির ভিডিওতেও সেটা ফুটে উঠবে।
আপনার ব্যান্ডের নামও তো ‘রেবেল’। এই নামের মাহাত্ম্য আছে নিশ্চয়ই?
অবশ্যই। রেবেল মানে তো বিদ্রোহী। আমি গানে গানে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাই। আমাদের ব্যান্ডের গানগুলো শুনলে বুঝতে পারবেন। প্রতিটি গানের কথাতেই রয়েছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, স্বচ্ছতা, সমাজের প্রতি দায়বদ্ধতা। আমাদের শোগুলো দেখলে বুঝবেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে শুরু করে তাঁর গানগুলোও একটু অন্য রকমভাবে প্রেজেন্ট করি। ‘নজরুল রক কনসার্ট’ দেখেছেন মনে হয়। সেখানে আমাদের ‘রেবেল’ ব্যান্ডের পারফরম দেখলেও বুঝতে পারবেন। কনসার্টটি শেষ হওয়ার পর কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী ভাই প্রশংসাও করেছিলেন। আরো প্রশংসা করেছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ভাই। ‘নজরুল রক কনসার্ট’টি আগামী বছরও আয়োজন করার প্রস্তুতি চলছে বলেও জেনেছি।
একসময় চলচ্চিত্রে নিয়মিত গাইতেন। মাঝখানে তো বিরতি ছিল। এখন ব্যস্ততা কেমন?
সর্বশেষ ‘জ্বিন ৩’ ছবিতে গেয়েছি ‘ব্যবধান’। প্রশংসা পেয়েছি বেশ। এর মধ্যে আরো কয়েকটি ছবির গানে কণ্ঠ দিয়েছি। তবে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। চলচ্চিত্রের গান প্রকাশিত না হওয়া পর্যন্ত বলা উচিতও নয়। কারণ অনেক সময় দেখা যায় ছবি মুক্তির আগ মুহূর্তেও কণ্ঠশিল্পী পরিবর্তন হয়ে যায়।
বছরের শুরুতে সিঙ্গাপুর গিয়েছিলেন। পরের গন্তব্য কোথায়?
হ্যাঁ। সিঙ্গাপুরে যে আয়োজকদের কনসার্ট করেছিলাম তারা আবার যোগাযোগ করেছে। নভেম্বর-ডিসেম্বরে আরেকটি ট্যুরের আয়োজন করছে। আসলে আগের কনসার্টটি দারুণ জমেছিল। সে কারণেই তারা আবার আগ্রহ প্রকাশ করেছে।
দেশে কনসার্ট করছেন?
৫ আগস্ট শিল্পকলা একাডেমির আয়োজনে একটা মেগা কনসার্টে গাইব। ‘সবার আগে বাংলাদেশ’ নামে যে কনসার্টটি স্থগিত হয়েছিল সেটিও নতুন করে হবে। সেখানেও গাইব। এর বাইরে আরো কথা চলছে।









































