রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।
বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এদিকে এ দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত ৪ জনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
এদিকে বিমান বিধ্বস্ত এলাকায় প্রচুর মানুষজন ভিড় করছেন।
কী ঘটেছে—দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন। আশপাশের ভবনেও শত শত মানুষজন ভিড় করছেন। এদিকে, উদ্ধার তৎপরতা চালানো সংস্থার পক্ষ থেকে সেখানে ভিড় না করার অনুরোধ জানানো হচ্ছে। তবে এতে উদ্ধার তৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।











































