রেইন্ডার্সের হ্যাটট্রিক, গ্রিসকে নেদারল্যান্ডসের ‘সেভেন আপ’

গ্রিসকে গোলবন্যায় ভাসাল নেদারল্যান্ডস। একের পর এক আক্রমণে গ্রিসের রক্ষণকে রীতিমতো বিধ্বস্ত করল ডাচরা।

তিজানি রেইন্ডার্সের দুর্দান্ত হ্যাটট্রিকে উয়েফা নেশন্স লিগে গ্রিসকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

প্রথমার্ধেই পাঁচ গোল করে ম্যাচের ভাগ্য নিশ্চিত করে ডাচরা। জয়ের নায়ক ২৭ বছর বয়সী রেইন্ডার্স। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক প্রথমার্ধেই সারেন এসি মিলানের মিডফিল্ডার।

ম্যাচের ষষ্ঠ মিনিটে গোলের শুরুটা অবশ্য করেন ক্রিসেনসিও সামারভিল। গ্রিসের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোলটি করেন তিনি। 

এর পরেই রেইন্ডার্সের খেল শুরু। ১২ মিনিটে জোয়ি ভারম্যানের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রেইন্ডার্স।

ছয় মিনিট পর ডোনিয়েল মালেনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। আর ম্যাচের ৩৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ডাচ মিডফিল্ডার। ডেনজেল ডামফ্রিসের হেড থেকে পাওয়া বল সহজেই জালে পাঠান তিনি।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে ব্যবধান ৫-০ করেন জুরিয়েন টিম্বার। বিরতির পর ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্সেনালের ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার।

আর ম্যাচের ৬২ মিনিটে ডামফ্রিসের সহায়তায় গ্রিসের জালে শেষ পেরেক মারেন মালেন।

অন্য ম্যাচে সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় জার্মানি। গোলমুখ খোলায় অবশ্য অবদান সার্বিয়ান ডিফেন্ডার সর্দান বাবিচের। তার আত্মঘাতী গোলেই এগিয়ে যায় ৪ বারের বিশ্বকাপজয়ীরা। পরে অবশ্য গোল করে প্রায়শ্চিত্ত করেন বাবিচ। তবে দলের পরাজয় এড়াতে পারেননি।

সেই গোলের রেশ শেষ না হতেই ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্টৎস। বিরতির পর জার্মানির হয়ে অভিষেক ম্যাচ রাঙান ব্রায়ান গ্রুদা। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচেই গোল পান ২১ বছর বয়সী উইঙ্গার।

সার্বিয়ার হয়ে ৫৬ মিনিটে একটি গোল শোধ করেন বাবিচ। শেষ দিকে দুটি লাল কার্ড দেখে ৯ জনের দলে পরিণত হয় স্বাগতিকেরা। সেই সুযোগ নিয়ে অবশ্য আর গোল ব্যবধান বাড়াতে পারেনি জার্মানি। 

গতকালের জয়ে গ্রুপ এ২-এর শীর্ষে নেদারল্যান্ডস। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১১। সমান ম্যাচে জার্মানি ও গ্রিসের পয়েন্ট ৮। সোমবার শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে জার্মানি। অন্যদিকে সার্বিয়ার বিপক্ষে খেলবে গ্রিস।

LEAVE A REPLY