রসগোল্লা বলে বোমা দিলেন প্রতিবেশী, কামড় দিতেই বিস্ফোরণে মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের দিন্ডোরি জেলায় রসগোল্লা বলে এক ব্যক্তিকে দেশি বোমা খাওয়ানোর অভিযোগ উঠেছে। বস্তুটিকে রসগোল্লা ভেবে মুখে দিয়ে কামড় দিতেই সেটি বিস্ফোরিত হয়।

এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম রাজেন্দ্র বারোটিয়া (৩৫)। 

গত ১০ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে দিন্ডোরি জেলার কোতোয়ালি থানার আওতাধীন পাদারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় রাজেন্দ্র বাড়িতে বসে ছিলেন।

এ সময় রাম ভগত বারোটিয়া নামে এক ব্যক্তি সেখানে আসেন। কথাবার্তার একপর্যায়ে তিনি রাজেন্দ্রকে একটি দেশি বোমা দেন এবং সেটিকে রসগোল্লা বলে পরিচয় করিয়ে দেন। রাজেন্দ্র সেটি মুখে দিয়ে কামড় দিতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের শব্দ শুনে তারা প্রতিবেশীদের ডাকেন। পরে একটি অটোরিকশায় করে রাজেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গা প্রসাদ নাগপুরে জানান, এ ঘটনায় রাম ভগতসহ আরো একজনকে আটক করা হয়েছে।

নাগপুরে জানান, ঘটনার সময় অন্ধকার থাকায় রাজেন্দ্র বুঝতে পারেননি, তাকে দেওয়া বস্তুটি বোমা নাকি রসগোল্লা।

তিনি বলেন, ‘রাজেন্দ্র বস্তুটিতে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই সেটি বিস্ফোরিত হয়।’

জিজ্ঞাসাবাদে রাম ভগত পুলিশকে জানান, এক কিশোর তাকে বোমাটি দিয়েছিল। ওই কিশোরকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত চলছে। অভিযুক্ত ও নিহত ব্যক্তির পরিবারের মধ্যে কোনো ব্যক্তিগত বিরোধ বা শত্রুতা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY