বাবরকে ফেরাতে যে যুক্তি দিলেন ওয়াসিম আকরাম

বাবর আজমের সঙ্গে ওয়াসিম আকরাম। ছবি : এএফপি

এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের স্কোয়াডে নেই বাবর আজম। নতুনদের সুযোগ দিতে গিয়ে বাদ পড়েছেন দেশের অন্যতম সেরা ব্যাটার। কিন্তু সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মনে করেন, অভিজ্ঞ এই ক্রিকেটারকে এখনো বাদ দেওয়ার মতো সময় আসেনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাবরের রেকর্ডই তার প্রমাণ।

ইতিমধ্যে তিনি রয়েছেন সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায়। তবু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরের সিরিজের পর থেকে তাকে আর দেখা যায়নি এই সংস্করণে। পাকিস্তান দল ম্যানেজমেন্টের যুক্তি, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তরুণদের গড়ে তোলার সুযোগ দিতে হবে।

তবে আকরাম ভিন্ন দৃষ্টিকোণ সামনে আনছেন।

কিংবদন্তি এই পেসারের ভাষায়, ‘শক্তিশালী দলের বিপক্ষে যদি ১৫০-১৬০ রান তাড়া করতে হয়, আর উইকেট হয় একটু ধূর্ত ধরনের, তখন বাবরের মতো ব্যাটার অপরিহার্য হয়ে উঠতে পারে। খেলার ধরণ হয়তো বদলাতে হবে, কিন্তু আমি চাই বাবরকে টি-টোয়েন্টিতে রাখা হোক।’

শুধু বাবর প্রসঙ্গেই থামেননি আকরাম। বরং তরুণদের প্রতিও রাখলেন আস্থা।তিনি বিশ্বাস করেন, এ প্রজন্মের খেলোয়াড়রা ভয়ের বদলে সাহস নিয়ে মাঠে নামছে। তিনি বলেন, ‘বাবর নেই, রিজওয়ান নেই—তবু তরুণরা সুযোগ পেয়েছে। ধারাবাহিক না হলেও তাদের মানসিকতা ইতিবাচক। তাদের ভয়ের জায়গা নেই। আর সেটাই চাপের সময়ে পার্থক্য গড়ে দেয়।

আকরামের বিশেষ প্রশংসা বর্তমান অধিনায়ক সালমান আলী আঘাকে ঘিরে। পরিস্থিতি বুঝে নিজের ব্যাটিং অর্ডার বদলানোর মতো সিদ্ধান্তকেও তিনি দেখছেন নেতৃত্বের পরিপক্বতার পরিচায়ক হিসেবে। ‘সালমান সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। দলকে এগিয়ে নিতে নিজের জায়গাও ছেড়ে দিচ্ছে। এই দলটিকে বেশি পরীক্ষা-নিরীক্ষা করা উচিত নয়। তারা যদি একই মানসিকতা ধরে রাখে, নিয়মিতভাবেই শীর্ষ দলগুলোকে হারাতে পারবে।’

LEAVE A REPLY