শনিবার শ্রীলঙ্কার কাছে বড় হার বাংলাদেশের সুপার ফোরের লক্ষ্যকে বড় এক ধাক্কাই দিয়েছে। লঙ্কানদের কাছে এই হারটা এসেছে ৩২ বল হাতে রেখে, যার ফলে নেট রান রেটেও বড় চাপে পড়ে গেছে লিটন দাসের দল।
তবে বাংলাদেশের সুপার ফোরের সম্ভাবনা একেবারে মিলিয়ে যায়নি। সমীকরণ মেলালে ঠিকই লিটনদের দেখা মিলবে এশিয়া কাপের শেষ চারে।
এই পরিস্থিতিতে বাংলাদেশ গেল যে কারণে, তার অনেকটা দায় শ্রীলঙ্কা ম্যাচের। লঙ্কানদের বিপক্ষে শুরুর ২ ওভারে দুই উইকেট খোয়ানো, রান তুলতে না পারা যে দলকে চাপে ফেলে দিয়েছিল, সেটা থেকে আর বেরোতে পারেনি দলটা। লিটন দাসের ২৮, জাকের আলীর অপরাজিত ৪১ আর শামীম পাটোয়ারীর অপরাজিত ৪২ রানের ইনিংসে ভর করে ১৩৯ রান স্কোরবোর্ডে জড়ো করেছিল দলটা।
তবে সেটা বোলারদের জন্য যথেষ্ট হয়নি। পাওয়ারপ্লেতে একটা উইকেট তুলে নেওয়া গেলেও রান উঠে গেল বিস্তর, ১০ ওভার শেষে সেই রানটা তিন অঙ্কে গিয়ে ঠেকল। ম্যাচটা লঙ্কানদের নিশ্চিত হয়ে যায় তখনই। এরপর একটা ছোট ধস নামলেও সেটা তাদের জয় ঠেকাতে পারেনি।
শ্রীলঙ্কার জন্য বিষয়টা বেশ শুভ। টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা ধরে রাখার যাত্রাটা তারা তাতে ভালোভাবেই শুরু করল। তবে বাংলাদেশের সুপার ফোরের আশাটা তাতে বড় একটা ধাক্কা খেয়ে গেছে।
এই হারের পরেও বাংলাদেশ শেষ চারে যেতে পারে। সে সমীকরণটা মেলাতে হলে হয় নিজেরা তুলে নিতে হবে বিশাল এক জয়। আর নাহয় তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।
শেষ চারে যেতে হলে বাংলাদেশকে পরের ম্যাচে আফগানিস্তানকে হারাতেই হবে। এর কোনো বিকল্প বাংলাদেশের সামনে আর খোলা নেই।
যদি বাংলাদেশ আগামী ১৬ সেপ্টেম্বরের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয়, এরপর আফগানিস্তান শ্রীলঙ্কার কাছেও হেরে বসে, তখন বাংলাদেশ কোনো হিসেব ছাড়াই চলে যাবে শেষ চারে। কারণ তখন আফগানদের পয়েন্ট দাঁড়াবে ২, বাংলাদেশের ৪ আর শ্রীলঙ্কার ৬।
তবে বাংলাদেশের কাছে হারের পর রশিদ খানের দল যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তখন চলে আসবে নেট রান রেটের হিসেব। নেট রান রেটে ‘বি’ গ্রুপে সবচেয়ে ভালো অবস্থানে আছে আফগানরাই, ৪.৭০০ তাদের নেট রান রেট। ওদিকে বাংলাদেশের নেট রান রেট গত ম্যাচে বড় হারের পর দাঁড়িয়েছে ঋণাত্মক অবস্থানে, -০.৬৫০ লিটন দাসদের নেট রান রেট। শ্রীলঙ্কার নেট রান রেট ২.৫৯৫।
নেট রান রেটের এই হিসাব মাথায় রেখেই আফগানদের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। সে ম্যাচে তুলে নিতে হবে বিশাল এক জয়, যেন নিজেদের অবস্থান নেট রান রেটে আফগানিস্তানের চেয়ে ভালো হয়। সেটা না করতে পারলে বাংলাদেশকে তখন তাকিয়ে থাকতে হবে লঙ্কানদের দিকে। শ্রীলঙ্কা জিতলে তবেই মিলবে বাংলাদেশের সমীকরণ, লিটনরা পাবেন সুপার ফোরের টিকিট।









































