মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ওই অঞ্চলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। এর ফলে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় বর্তমানে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি অবস্থান করছে।

একজন মার্কিন কর্মকর্তার সূত্রে সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, রবিবার (১৫ নভেম্বর) রণতরিটি সেন্টকম এলাকায় প্রবেশ করে। শুরুতে রুজভেল্টের মাধ্যমে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ রণতরিটিকে প্রতিস্থাপন করার পরিকল্পনা ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে জর্জ ওয়াশিংটনকেও আপাতত ওই অঞ্চলেই রাখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এই রণতরি মোতায়েনের দিনেই বাহরাইনে অবস্থিত একটি মার্কিন হেলিকপ্টার ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

কয়েক সপ্তাহের বিরতির পর পারস্য উপসাগরীয় কোনো দেশে এটিই ইরানের প্রথম হামলা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করেছে।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস করার দাবি করেছিল আইআরজিসি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের পাঠানো দুটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই সংঘাতের শুরু হয়। যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য মাস্কাট সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সপ্তাহে এশিয়া সফরে রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY