সংগৃহীত ছবি
৬ বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘দে দে পেয়ার দে’ সিনেমার সিক্যুয়াল নিয়ে পর্দায় ফিরেছেন অজয় দেবগন। প্রথম সিনেমাটি আকিব আলী পরিচালনা করলেও দ্বিতীয় কিস্তিতে এসে পরিচালক বদল হয়েছেন। সিক্যুয়ালটি নির্মাণ করেছেন অংশুল শর্মা।
গত শুক্রবার বিশ্বের সাড়ে ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অজয় দেবগন ও রাকুল প্রীত সিং অভিনীত এ সিনেমাটি।
মুক্তির পর বক্সঅফিসে বেশ ভালো সাড়া ফেলেছে ছবিটি। তবে দর্শক-সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
বলিউড মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ‘দে দে পেয়ার দে টু’ সিনেমা আয় করেছে ৮.৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ১২ কোটি রুপি। দুই দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২০.৫ কোটি রুপি।
অন্যদিকে স্যাকনিল্ক এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দিনে ‘দে দে পেয়ার দে টু’ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ২৯.২৫ কোটি রুপি।
‘দে দে পেয়ার দে’-এর সিক্যুয়ালে অজয়-রাকুল ছাড়া আরো অভিনয় করেছেন আর মাধবন, জাভেদ জাফেরি, ইশিতা দত্ত, সঞ্জীব শেঠ প্রমুখ।









































