অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি, মেহজাবীন বললেন ‘ভিত্তিহীন’

সংগৃহীত ছবি

পারিবারিক ব্যবসার অংশীদার রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধমকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা এক মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

রবিবার (১৬ নভেম্বর) আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য ধার্য থাকলেও তারা এদিন অনুপস্থিত ছিলেন। এরপর গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা তানিয়া আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

একই সঙ্গে গ্রেপ্তারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

এদিকে মামলার এই বিষয়টিকে ভুয়া এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে ভিত্তিহীন হিসেবে দাবি করছেন মেহজাবীন চৌধুরী।

রবিবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘আমি মেহজাবীন চৌধুরী। আজ একটি ভুয়া ও মিথ্যা মামলার সংবাদ দেখে আমি বিস্মিত। আমি মনে করি, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত, গুজব ছাড়া কিছু নয়।এই ধরনের কোনো ব্যাবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই। যে বা যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন, তাদের কাউকে আমি চিনি না। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কেবল আমার অভিনয় ও পেশাগত দায়িত্বে সর্বদা নিবেদিত। আমি এমন কোনো ব্যাবসায়িক কর্মকাণ্ডে নেই,  যেখানে আইনি জটিলতায় জড়ানোর প্রশ্ন আসে।’ 

এরপর মেহজাবীন আরো লেখেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমি দেশের আইন, নিয়মনীতি ও সামাজিক দায়িত্বে বিশ্বাসী। ইতোমধ্যে আমার আইনজীবী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন,  যাতে এসব গুজব ও মিথ্যা প্রচারণা বন্ধ হয় এবং ভবিষ্যতে কেউ আর এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কিছু করতে না পারে!’

সর্বশেষে তিনি লেখেন, একজন শিল্পী ও সচেতন নাগরিক হিসেবে আমি সব সময় দেশের আইন, নীতি ও সামাজিক মূল্যবোধ মেনে চলেছি। গত এক যুগের বেশি সময় ধরে মিডিয়ায় পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি, যার সাক্ষী আমার দর্শক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।’

আমি আমার সহকর্মী গণমাধ্যমকর্মীদের অনুরোধ করছি, ভিত্তিহীন কোনো তথ্য যাচাই ছাড়া প্রকাশ করবেন না। এবং আমার সব শুভাকাঙ্ক্ষী, ভক্ত ও পরিচিতজনদের বলব, আপনাদের ভালোবাসা আর আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি।

বিভ্রান্তি না ছড়িয়ে সত্যের পাশে থাকুন।

LEAVE A REPLY