সংগৃহীত ছবি
তরুণ প্রজন্মের মেয়েদের বেশি করে নিজেদের ডিম্বাণু সংরক্ষণের আর্জি জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণী তারকা রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনী।
সম্প্রতি তিনি আইআইটি হায়দরাবাদে একটি সভায় যোগ দিয়েছিলেন। সেখানে গিয়েই তিনি তরুণ প্রজন্মের মেয়েদের উদ্দেশে এমন আর্জি জানিয়েছিলেন। এরপর থেকেই তাকে নিয়ে সমাজমাধ্যমে শুরু হয় সমালোচনা।
নেটিজেনদের একাংশের দাবি, উপাসনা নাকি ব্যবসা ছাড়া কিছুই বোঝেন না। সভায় বসে উপাসনা প্রশ্ন করেন, কারা কারা বিয়ে করতে চান? তারকাপত্নী বলেন, ‘আমি দেখলাম ঘরে উপস্থিত মেয়েদের তুলনায় ছেলেদের হাতের সংখ্যা বেশি। অর্থাৎ, দেশ বদলাচ্ছে। এটা অগ্রগতির লক্ষণ।
’
সেই প্রসঙ্গে উপাসনা বলেন, ‘মেয়েরা নিজেদের ডিম্বাণু সংরক্ষণ করুন। এটা জীবনের সব থেকে বড় শান্তি।’
এই নিরাপত্তা থাকলে মেয়েরা নিজেদের জীবন নিজেরাই চালনা করতে পারবে। কোন সময় বিয়ে করতে হবে? কোন সময় সন্তানের জন্ম দিতে হবে? এসব বলে দিয়ে কেউ আর তাদের চালনা করতে পারবেন না—বলেই দাবি উপাসনার।
তারকাপত্নীর এই কথায় অবশ্য সমাজমাধ্যমের একটা বড় অংশ সমালোচনায় মেতেছে। অনেকেরই দাবি, উপাসনা এখানে এক বেসরকারি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের মতো কথা বলছেন।
কেউ লিখেছেন, ‘‘উনি আসলে ‘আইভিএফ’ বিক্রি করতে এসেছেন।’’ কেউ কেউ উপাসনার ব্যক্তিগত জীবন টেনে এনেছেন।
তাদের মতে, ‘নিজে সোনার চামচ মুখে নিয়ে জন্মেও ২৩ বছর বয়সে কেন বিয়ে করলেন?’ যদিও সমাজমাধ্যমে এমন সমালোচনা নিয়ে এখনো মুখ খোলেননি উপাসনা।
সূত্র: ইন্ডিয়া টুডে










































