যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে নোঙর করে রাখা একটি পর্যটকবাহী জাহাজে ধাক্কা দিয়েছে পিচবোঝাই একটি ট্যাংকার। গত শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
ট্যাংকারটির রাডার একদিকে আটকে যাওয়ায় চালানোর দিক নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিয়েছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা কর্মকর্তারা। দুর্ঘটনার পর পর্যটকবাহী জাহাজটি নদীতে উল্টে যায়। তবে এতে কেউ নিহত হয়নি।
এটি পরিচালনা করে আমেরিকান ক্রুজ লাইনস। দুর্ঘটনার সময় জাহাজটিতে ১৯০ জন যাত্রী ও কর্মী ছিলেন। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) জ্যেষ্ঠ তদন্তকারী বার্ট বার্নাম রোববার নিউ অরলিন্সে এক সংবাদ সম্মেলনে দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক তথ্য জানান।
এ সময় জাহাজটির রাডার ডান দিকে ঘোরানো অবস্থায় আটকে যায়। এতে ট্যাংকারটি নদীর পূর্ব তীরের দিকে সরে যেতে শুরু করে। তবে রাডার কেন আটকে গিয়েছিল, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন তদন্তকারীরা।
শনিবার ট্যাংকারটির যাত্রাপথের তথ্য সংরক্ষণকারী যন্ত্র উদ্ধার করা হয়েছে। বার্নাম জানান, ওই যন্ত্র থেকে ৯ ঘণ্টার বেশি সময়ের তথ্য সংগ্রহ করেছেন তদন্তকারীরা।এসব তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এতে জাহাজের নিয়ন্ত্রণকক্ষের কথাবার্তা, রাডারের অবস্থান, ইঞ্জিনের অবস্থা ও জাহাজের গতির তথ্য রয়েছে।
যন্ত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিটে ট্যাংকারটি ক্রিসেন্ট সিটি কানেকশন সেতুর কাছে ছিল। এ সময় সেটি নদীর উজানের দিকে যাচ্ছিল। সংঘর্ষের প্রায় দুই মিনিট আগে জাহাজটির নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়।
এনটিএসবি জানায়, সংঘর্ষের প্রায় ২২ মিনিটের মধ্যে পর্যটকবাহী জাহাজটি পুরোপুরি উল্টে যায়। ধাক্কা লাগার পর জাহাজটি একদিকে কাত হতে শুরু করলে বন্দরের কর্মী, দমকলকর্মী ও আশপাশের লোকজন দ্রুত যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন।
বার্নাম আরো জানান, তথ্য সংরক্ষণকারী যন্ত্রে জাহাজের হর্ন, রেডিওতে দেওয়া সতর্কবার্তা ও সাহায্যের আবেদন রেকর্ড হয়েছে। এ ছাড়া নোঙর ফেলার নির্দেশ এবং জরুরি অবস্থায় জাহাজ নিয়ন্ত্রণের বিভিন্ন নির্দেশও রেকর্ড হয়েছে।
তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, সংঘর্ষের সময় ট্যাংকারটির নোঙর ফেলা হয়েছিল কি না। নোঙর ফেলা হয়ে থাকলে কত গভীর পানিতে তা ফেলা হয়েছিল, সেটিও তদন্ত করা হচ্ছে। এ ছাড়া জাহাজের কর্মী ও যাত্রীদের সঙ্গে কথা বলছেন তারা। এনটিএসবি জানিয়েছে, আগামী সপ্তাহজুড়ে আটলান্টিক অ্যাসফাল্টের কর্মীদের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তারা সব তথ্য পরীক্ষা করছেন।











































