৩৫-এ ক্রিকেটের পাঠ চুকালেন কিউই অলরাউন্ডার

ডাগ ব্রেসওয়েল

নিউজিল্যান্ড ক্রিকেটে আরেকটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটালেন সাবেক অলরাউন্ডার ডাগ ব্রেসওয়েল। ৩৫ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

ব্ল্যাক ক্যাপসের জার্সিতে ব্রেসওয়েল খেলেছেন মোট ৬৯টি আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্যে ২৮টি ছিল টেস্ট ক্রিকেটে।

টেস্ট ক্যারিয়ারে তিনি সংগ্রহ করেছেন ৭৪টি উইকেট, যা তাকে নিউজিল্যান্ডের নির্ভরযোগ্য পেস অলরাউন্ডারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করে।

২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্টে তার পারফরম্যান্স এখনো ক্রিকেটভক্তদের মনে গেঁথে আছে। সেই ম্যাচে তিনি একাই নেন ৯টি উইকেট, যার সুবাদে মাত্র ৭ রানের নাটকীয় জয় পায় নিউজিল্যান্ড। সেটিই এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে কিউইদের সর্বশেষ জয়।

সাদা বলের ক্রিকেটেও ব্রেসওয়েলের অবদান কম নয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তিনি খেলেছেন ৪১টি ম্যাচ। ২০১২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিউজিল্যান্ড দলে ছিলেন এই অলরাউন্ডার।

২০২৩ সালে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ ছিল তার শেষ আন্তর্জাতিক উপস্থিতি।

পরবর্তী সময় পাঁজরের চোটে ভুগে তিনি ঘরোয়া দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলাও বন্ধ করে দিতে বাধ্য হন।

অবসর নিয়ে এক বিবৃতিতে ব্রেসওয়েল বলেন, ‘ক্রিকেট আমার জীবনের গর্বের একটি অংশ। ছোটবেলা থেকেই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ।’

তিনি আরো বলেন, ‘নিজের দেশ ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের।

এতদিন ধরে ক্রিকেট খেলতে ও উপভোগ করতে পারায় আমি আনন্দিত।’

পারিবারিকভাবেও ক্রিকেটের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে ব্রেসওয়েলের। তার বাবা ব্রেন্ডন ও চাচা জন দুজনেই নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন। আর তার চাচাতো ভাই মাইকেল ব্রেসওয়েল এখনো ব্ল্যাক ক্যাপস দলে নিয়মিত সদস্য।

LEAVE A REPLY