ক্যান্সারের চিকিৎসা শেষে প্রথমবারের মতো বড় পরিসরে বিদেশ সফরে যাচ্ছেন ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে ভারতের মুম্বাইয়ে ১৬ থেকে ১৮ নভেম্বর তিন দিনের সফরে অংশ নেবেন তিনি।
রয়টার্স জানিয়েছে, ১৭ নভেম্বর (মঙ্গলবার) উইলিয়ামের প্রতিষ্ঠিত পরিবেশ বিষয়ক পুরস্কার ‘আর্থশট প্রাইজ’ প্রদান অনুষ্ঠানেও যোগ দেবেন এই রাজদম্পতি।
২০২৪ সালে ক্যান্সার শনাক্ত হওয়ার পর কেমোথেরাপি নেন কেট। বর্তমানে তিনি রোগমুক্তির পর্যায়ে থাকলেও অসুস্থতার প্রভাব এখনো তার রয়েছে। চিকিৎসার পর এটিই তার সবচেয়ে বড় বিদেশ সফর।এর আগে ২০২৪ সালের পর গত মে মাসে ইতালিতে দুই দিনের সফরে গিয়েছিলেন তিনি।
প্রিন্স উইলিয়াম ২০২০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ‘আর্থশট প্রাইজ’ প্রতিষ্ঠা করেন। এই পুরস্কারের আওতায় প্রতিবছর পাঁচটি উদ্যোগকে নির্বাচিত করা হয়। প্রতিটি উদ্যোগকে আরো বড় পরিসরে বাস্তবায়নের জন্য দেওয়া হয় ১০ লাখ পাউন্ড করে।
কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র জানান, আর্থশট প্রাইজের মূল লক্ষ্য হলো হতাশার পরিবর্তে সম্ভাবনার পথ দেখানো। পরিবেশগত সংকট গুরুতর হলেও তা মোকাবিলায় উদ্ভাবন, সংকল্প ও সৃজনশীলতার অভাব নেই—এই বার্তাই তুলে ধরতে চায় উদ্যোগটি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে এযাবৎকালের সবচেয়ে বড় আয়োজন। এতে রাজপরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, অভিনেত্রী আলিয়া ভাট ও রামি মালেকসহ বিভিন্ন অঙ্গনের তারকারা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ব্রিটিশ পপ ব্যান্ড ‘টেক দ্যাট’।
আর্থশট প্রাইজের অনুষ্ঠান ছাড়াও ভারতীয় ক্রিকেট, ফ্যাশন ও চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন আয়োজনে অংশ নেবেন উইলিয়াম ও কেট।









































