হাবিবুল বাশার সুমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছেন হাবিবুল বাশার সুমন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবির কাছে কয়েক দিন সময় চেয়েছেন সাবেক এই অধিনায়ক।
আজ সংবাদমাধ্যমকে হাবিবুল বলেছেন, ‘হ্যাঁ, বিসিবি থেকে আমি আজই প্রস্তাব পেয়েছি। তবে একটু সময় নিয়েছি ভেবে দেখার জন্য।
’
বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচকের পদ খালি হচ্ছে শিগগিরই। গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে বিসিবির ২ বছরের চুক্তি শেষ হবে এ মাসে। তবে তার সঙ্গে এখনই সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা ছিল না বিসিবির। লিপু নিজেই সরে দাঁড়াচ্ছেন।
পারিবারিক কারণে আগামী দেড় থেকে দুই বছর ব্যস্ততার মধ্য দিয়ে যাবে লিপুর। সে কারণেই লম্বা সময়ের জন্য আর বিসিবির কোনো দায়িত্বে থাকতে চাইছেন না। এক চিঠিতে সরে যাওয়ার ইচ্ছার কথা বিসিবিকে জানিয়েছেন তিনি।
লিপুর সিদ্ধান্তকে অগ্রাধিকার দিয়ে এরই মধ্যে নতুন প্রধান নির্বাচক খুঁজতে শুরু করেছে বিসিবির অপারেশন্স বিভাগ।
সেই ধারাবাহিকতায় প্রথমেই প্রস্তাব পেলেন হাবিবুল।
বিসিবিতে এর আগেও নির্বাচক পদে কাজ করেছেন হাবিবুল। ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন তিনি। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে হাবিবুল পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পান।
বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।









































