ম্যান সিটি-অ্যাতলেতিকোর পর ইন্টারকে হারিয়ে ইতিহাসের পথে নরওয়ের অখ্যাত ক্লাব

সংগৃহীত ছবি

নরওয়ের আর্কটিক বৃত্তে রূপকথার আরেক অধ্যায় লিখল অখ্যাত ক্লাব বোদো/গ্লিম্ট। এবার তাদের শিকার ইতালির জায়ান্ট ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে শক্তিশালী ইন্টারকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চমক দিল নরওয়েজিয়ান ক্লাবটি।

নিজেদের দেশের লিগে এখনো অফ-সিজন চলছে বোদোর।

তবু মাঠে তাদের তেজ-দাপট ছিল পুরোদস্তুর প্রতিযোগিতামূলক। গত মাসে ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারানোর পর এবার ইন্টার মিলানকেও কাবু করল তারা। 

ম্যাচের ২০ মিনিটে কৃত্রিম টার্ফের মাঠে এগিয়ে যায় স্বাগতিকরা। কাসপার ওয়ার্টস হগের চমৎকার ব্যাকহিল থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন সন্ড্রে ফেট।তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ইন্টার। ফ্রানচেসকো পিও এসপোসিতোর জোরালো শটে সমতা ফেরে।

এরপর ৬১ মিনিটে পাল্টা আক্রমণে আবার এগিয়ে যায় বোদো। হগের পাস থেকে বাঁ দিক দিয়ে ঢুকে ইয়েন্স পেটার হাউগে দুর্দান্ত বাঁ-পায়ের শটে বল জালে জড়ান।

এর তিন মিনিটের মাথায় ওলে দিদরিক ব্লমবার্গের পাস থেকে সহজ গোলে দলের জয় নিশ্চিত করেন হগ। 

সেরি আ’তে আট পয়েন্টে শীর্ষে থাকা এবং গত তিন মৌসুমে দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা ইন্টার মিলানকে আর্কটিক বৃত্তে এভাবেই সাধারণ এক দলে পরিণত করল বোদো/গ্লিম্ট। 

LEAVE A REPLY