ভারত সেমিতে ওঠায় ট্রোলের মুখে আমির

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। আর সেই সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ট্রোলের শিকার হয়েছেন সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।

রবিবার (১ মার্চ) সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের করা ১৯৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য পাঁচ উইকেট হাতে রেখে ১৯.২ ওভারে টপকে যায় ভারত। বড় মঞ্চে এই জয় শুধু সেমিফাইনাল নিশ্চিতই করেনি, বরং সমালোচকদেরও জবাব দিয়েছে জোরালোভাবে।

এর আগে একটি টিভি অনুষ্ঠানে আমির বলেছিলেন, পাকিস্তান সেমিফাইনালে উঠুক বা না উঠুক, ভারত কোনোভাবেই শেষ চারে যেতে পারবে না। তার সেই আত্মবিশ্বাসী মন্তব্য ভাইরাল হয়েছিল। তবে ভারতের দারুণ প্রত্যাবর্তনের পর ভক্তরা পুরনো সেই ভিডিও ক্লিপ শেয়ার করে আমিরকে ট্রোল করতে শুরু করেন।

সুপার এইটে শুরুতে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে চাপে পড়ে ভারত।

কিন্তু এরপর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিশ্চিত করে শেষ চারের টিকিট।

এই ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন সঞ্জু স্যামসন। ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি।

তার ব্যাটে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা। সূর্যকুমার যাদবের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন স্যামসন। শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করে দলকে পৌঁছে দেন সেমিফাইনালে।

ভারতের এই জয় ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে তাদের সর্বোচ্চ সফল রান তাড়া। পাশাপাশি ইডেন গার্ডেন্সে এটিই টি-টোয়েন্টি আন্তর্জাতিকের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

ভারত এখন সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের। 

LEAVE A REPLY