ফাইল ছবি। ছবিসূত্র : রয়টার্স
দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলে এক ভয়াবহ সশস্ত্র হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৬৯ জন নিহত হয়েছেন। গত রবিবার (১ মার্চ) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে একদল সশস্ত্র যুবক আবিয়েমনম কাউন্টিতে হামলা চালায়। মানুষ যখন ঘুমে ছিল, তখনই শুরু হয় তাণ্ডব। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে হামলাকারীরা ঘরবাড়ি ও বাজারে আগুন ধরিয়ে দেয়।
এই হামলায় প্রাণ হারিয়েছেন শিশু, নারী ও বয়স্ক মানুষ, পুলিশ ও আঞ্চলিক বাহিনীর সদস্যসহ স্থানীয় কাউন্টি কমিশনার ও নির্বাহী পরিচালক। আহত হয়েছেন অন্তত ৫০ জন। পরিস্থিতির ভয়াবহতায় মৃতদের গণকবরে দাফন করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের দাবি, হামলাকারীরা পার্শ্ববর্তী ইউনিটি রাজ্য থেকে এসেছে এবং তারা বিরোধী রাজনৈতিক দল এসপিএলএ-আইও-এর সাথে যুক্ত।তবে বিরোধীপক্ষ এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।
প্রাণ বাঁচাতে প্রায় ১,০০০ সাধারণ মানুষ জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটির কাছে আশ্রয় নিয়েছেন। সহিংসতার কারণে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা এমএসএফ তাদের সেবা স্থগিত করেছে। সংস্থাটি জানিয়েছে, তাদের ২৬ জন কর্মী নিখোঁজ রয়েছেন এবং তাদের একটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে।
উল্লেখ যে, ২০১৮ সালের শান্তিচুক্তি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় দক্ষিণ সুদান আবারও বড় ধরনের গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। দক্ষিণ সুদানের রাজনৈতিক অস্থিরতা ও গোষ্ঠীগত বিবাদ সাধারণ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ২০১১ সালে স্বাধীন হওয়া এই নবীন দেশটি এখন দারিদ্র্য আর রক্তক্ষয়ী সংঘর্ষে জর্জরিত।
সূত্র : বিবিসি










































