দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে বাসডুবি ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদনে দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

এর আগে গত মঙ্গলবার (৩১ মার্চ) রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।

তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, দুর্ঘটনার পেছনে বাসের যান্ত্রিক ত্রুটিসহ বেশ কিছু কারণ ছিল বলে উল্লেখ রয়েছে।

তদন্ত কমিটির প্রধান রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে যুগান্তরকে বলেন, আমরা প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তদন্ত সঠিকভাবে করার স্বার্থে আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেও কথা বলেছি। আমরা দুর্ঘটনার কারণ ও আগামীতে দুর্ঘটনা রোধে বেশ কিছু সুপারিশ করেছি। এর বেশি কিছু বলতে চাই না।

এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, তদন্ত প্রতিবেদনটি হাতে পেয়েছি। তদন্ত কমিটির দল প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরেছেন। প্রতিবেদনটি আমরা নৌপরিবহণ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করব। সেখান থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ (বুধবার) বিকালে কুষ্টিয়ার কুমারখালী থেকে যাত্রীবাহী সৌহার্দ পরিবহণের একটি বাস যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে পদ্মায় ডুবে যায়। এ ঘটনায় ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

দুর্ঘটনার তদন্ত অনুসন্ধানে ওই রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে-কে আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। এছাড়াও নৌপরিবহণ মন্ত্রণালয় থেকে ৬ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

LEAVE A REPLY