ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান।
বাঘের গালিবাফ বলেন, ‘ইরান যুদ্ধ চায় না, কিন্তু আক্রান্ত হলে দৃঢ়ভাবে প্রতিরোধ করবে। যখন দেশের প্রতিরক্ষা বিপন্ন হয়, তখন সবাই ইরানি সৈনিকের মতো কাজ করতে প্রস্তুত থাকে।’
পোস্টে তিনি উল্লেখ করেন, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশব্যাপী একটি শক্তিশালী জাতীয় প্রচারণা লাখো ইরানিকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে। এ সময়ে প্রায় ৭০ লাখ মানুষ দেশে রক্ষায় অস্ত্র হাতে তুলে নেয়ার প্রস্তুতি ঘোষণা করেছে।
ইরানের স্পিকার বলেন, ইরানিরা তাদের মাতৃভূমি রক্ষার বিষয়ে কেবল কথার কথা নয়। তারা আগেও জীবন উৎসর্গ করেছে এবং আবারও তা করতে প্রস্তুত।
তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর যেকোনো হামলার জবাব সম্মিলিতভাবে দেওয়া হবে। আমাদের ঘরে আসলে পুরো জাতির মুখোমুখি হতে হবে।’ এ সময় তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আরও বলেন, ‘এসে দেখো’।
এর আগে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতিমি। তিনি সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযানের চেষ্টা করলে ‘একজন সেনাও যেন বেঁচে না ফিরতে পারে’।
সূত্র: তাসনিম নিউজ











































