সংগৃহীত ছবি
ঈদের সিনেমা মুক্তির তৃতীয় সপ্তাহেও দর্শকের আগ্রহ কমেনি। ঢাকার মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে এখনো টিকিটের চাহিদা চোখে পড়ার মতো। তবে হঠাৎ করেই সন্ধ্যার পর শো বন্ধের সিদ্ধান্ত নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছে সিনেমাপ্রেমীদের মধ্যে।
সরকারি নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বিপণিবিতান বন্ধ রাখার কারণে প্রথমে ব্লকবাস্টার সিনেমাস সন্ধ্যার পর শো বন্ধের ঘোষণা দেয়।
এরপর পরিস্থিতি বিবেচনা করে একে একে একই পথে হাঁটে অন্যান্য মাল্টিপ্লেক্সও।
অবশেষে স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস জানিয়েছে, আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টার পর তাদের সব শো বন্ধ থাকবে। ফলে বিকেলের শোগুলোকেই দিনের শেষ প্রদর্শনী হিসেবে ধরা হচ্ছে।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘সন্ধ্যার সময়টাই আমাদের পিক টাইম।
মার্কেট বন্ধ থাকলে দর্শক আসার সুযোগও কমে যায়। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিকেল পর্যন্তই শো চালানো হবে এবং সন্ধ্যার পরের সব শো বন্ধ থাকবে।’
অন্যদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি এবং মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ জানিয়েছেন, এখনো সিঙ্গেল স্ক্রিন হলগুলোর জন্য এমন কোনো সিদ্ধান্ত নেননি।
কালের কণ্ঠকে তিনি বলেন, ‘নাইট শোগুলো এখন বেশ ভালো চলছে।
এই পিক টাইমে শো বন্ধ করলে তো আমাদের ক্ষতি। তবে যদি সবাই বন্ধ রাখে, তাহলে আমরাও পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব।’
সব মিলিয়ে, মাল্টিপ্লেক্সগুলো ইতিমধ্যেই সন্ধ্যার পর শো বন্ধ রাখলেও সিঙ্গেল স্ক্রিন হলগুলো এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। ফলে দর্শকদের পাশাপাশি হল মালিকদের মধ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতি কতদিন চলবে, সেটাই এখন বড় প্রশ্ন।








































