তামান্নার চুলের যত্নে ভরসা ঘরোয়া টোটকা, যে কৌশলে রূপ বদলান অভিনেত্রী

চুল ভালো রাখতে ইদানীং অনেকেই দামি প্রসাধনী ছেড়ে ঘরোয়া টোটকায় ভরসা রাখছেন। সাধারণের পাশাপাশি সে তালিকায় রয়েছেন বিনোদন জগতের তারকারাও। সম্প্রতি নিজের ঘন কালো চুলের রহস্য ফাঁস করেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।

অভিনেত্রীর জেল্লাদার ত্বক এবং এক ঢাল চুলের রহস্য জানতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। আর বরাবরই কৃত্রিম প্রসাধনীর চেয়ে প্রাকৃতিক উপাদানে বিশ্বাসী তিনি। এর আগে বহু সাক্ষাৎকারে তামান্না ভাটিয়া জানিয়েছেন, ঘরোয়া স্ক্রাব আর ফেস মাস্কই তার সৌন্দর্যের মূল চাবিকাঠি। এর পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাসও তার সেই জেল্লা ধরে রাখতে সাহায্য করে থাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কেশচর্চার একটি অদ্ভুত কার্যকর কৌশলের কথা শেয়ার করে নিয়েছেন তামান্না ভাটিয়া। অভিনেত্রী জানিয়েছেন, চুলের জেল্লা বাড়াতে একসময় তিনি একটি বিশেষ ঘরোয়া টোটকার ওপর ভীষণভাবে নির্ভরশীল ছিলেন। যদিও এখন সময়ের অভাবে সেই অভ্যাস কিছুটা কমেছে। কিন্তু তার সুন্দর চুলের নেপথ্যে রয়েছে সেই পুরোনো দাওয়াই।

তামান্না ভাটিয়ার প্রিয় সেই ঘরোয়া উপাদানটি হলো— কাঁচা পেঁয়াজের রস। 

তিনি বলেন, চুলের স্বাস্থ্য ফেরাতে তিনি নিয়মিত মাথায় কাঁচা পেঁয়াজের রস ব্যবহার করতেন। চুলের গোড়া মজবুত করতে এবং অকালপক্বতা রোধে এ দাওয়াই অসাধারণ কাজ করে তাকে। তবে এ টোটকার একটি বিশেষ বিড়ম্বনার কথাও অবলীলায় স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। 

তিনি হাসতে হাসতে বলেন, পেঁয়াজের রস মাখলে তার মাথা থেকে এমন তীব্র দুর্গন্ধ বেরো হতো যে, আশপাশে কেউ ঘেঁষতে পারত না। কিন্তু চুলের উপকারের কথা ভেবে তিনি এ বিড়ম্বনা হাসিমুখে মেনে নিতেন। কারণ এর ফল মিলত হাতেনাতে।

পেঁয়াজের রস ব্যবহার প্রসঙ্গে পরামর্শ দিয়ে তামান্না ভাটিয়া বলেন, এই পেঁয়াজের রস বেশিক্ষণ মাথায় লাগিয়ে রাখা একদম ঠিক নয়। সর্বোচ্চ ১০ মিনিট রাখার পরেই ভালো করে শ্যাম্পু করে মাথা ধুয়ে ফেলতে হবে। বিশেষ করে গ্রীষ্মকালেই এই টোটকা প্রয়োগ করা সবচেয়ে বেশি ফলদায়ক বলে মনে করেন তিনি।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে, যা চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এ সালফার মাথার ত্বকে কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। এর ফলে চুলের গোড়া অনেক বেশি শক্ত ও মজবুত হয়। সালফারের উপস্থিতির কারণেই পেঁয়াজের রস থেকে ওই চড়া বা তীব্র গন্ধ বের হয়।

তারা আরও বলেন, পেঁয়াজের রস মাথার ত্বকে লাগালে সেই অংশে রক্তসঞ্চালন বৃদ্ধি পায়। এর ফলে চুলের ফলিকলগুলো প্রয়োজনীয় পুষ্টি পায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তামান্নার মতো অনেক তারকাই তাই মাঝেমধ্যে রাসায়নিক কন্ডিশনারের বদলে এ প্রাকৃতিক রসের ওপর ভরসা রাখেন। এতে চুলের রুক্ষতা দূর হয়ে স্বাভাবিক জেল্লা ফিরে আসে।

ঘরোয়া টোটকা হলেও পেঁয়াজের রস সরাসরি ব্যবহারে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বলেও মনে করেন বিশেষজ্ঞরা। কাঁচা পেঁয়াজের রস অত্যন্ত কড়া হয়, যা অনেকের সংবেদনশীল ত্বকে জ্বালা বা চুলকানি সৃষ্টি করতে পারে। বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সরাসরি এটি ব্যবহার না করাই ভালো বলে মনে করেন চর্মরোগ বিশেষজ্ঞরা।

চিকিৎসকরা বলছেন, যে কোনো প্রাকৃতিক উপাদান মাথায় মাখার আগে কানের পেছনে বা চামড়ার অল্প অংশে মেখে ‘প্যাচ টেস্ট’ করে নেওয়া উচিত। এতে বোঝা যায়, ওই উপাদানটি আপনার ত্বকের জন্য নিরাপদ কি না। সরাসরি মাখলে অনেক সময় ত্বকের রন্ধ্রমুখ বন্ধ হয়ে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে।

তামান্নার এ টোটকা এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। আগা ফাটা বা চুল পড়ার সমস্যায় যারা ভুগছেন, তারা তামান্নার পরামর্শ মেনে এই সহজ উপায়টি চেষ্টা করে দেখতে পারেন। তবে মনে রাখবেন, প্রাকৃতিক রূপটানের পাশাপাশি পর্যাপ্ত পানি খাওয়া এবং সঠিক ঘুমও চুলের স্বাস্থ্যের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।

LEAVE A REPLY