হালান্ডে চোখ বার্সার, আস্থা কি কমছে ইয়ামালে?

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে ঘিরে আবারও শুরু হয়েছে বড় এক ট্রান্সফার বিতর্ক। আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আর্লিং হালান্ড ও লামিনে ইয়ামাল।

বার্সার আক্রমণভাগের সমস্যার সমাধান হিসেবে হালান্ডকে আদর্শ মনে করা হচ্ছে। বিশ্বের অন্যতম সেরা গোলদাতাদের একজন এই নরওয়েজিয়ান তারকা।

তবে তাকে দলে ভেড়ানো সহজ নয়, কারণ তার ট্রান্সফার ফি ও বেতন, দুইই অত্যন্ত ব্যয়বহুল। ফলে সভাপতি হোয়ান লাপোর্তা ও ক্রীড়া পরিচালক ডেকোর জন্য এটি প্রায় অসম্ভব এক মিশন।

তবে পরিস্থিতি বদলাতেও পারে। ম্যানচেস্টার সিটি আর্থিক অনিয়মের অভিযোগে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে, এমনকি অবনমনেও যেতে পারে।

পাশাপাশি কোচ পেপ গার্দিওলার সম্ভাব্য বিদায়ও হালান্ডের ক্লাব ছাড়ার সম্ভাবনা বাড়াতে পারে।

এই সম্ভাবনাই বার্সার ভেতরে নতুন প্রশ্ন তুলেছে, তাদের কি সত্যিই নতুন কোনো সুপারস্টার স্ট্রাইকার দরকার?

কারণ, এতে করে লামিনে ইয়ামালের ওপর আস্থা নিয়ে প্রশ্ন উঠছে। ক্লাবটি শুরুতে ভেবেছিল, ইয়ামালই ভবিষ্যতে দলের আক্রমণের নেতৃত্ব দেবেন, ঠিক যেমন একসময় লিওনেল মেসি দিয়েছিলেন।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে ইয়ামাল নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

তবে চলতি মৌসুমে তার ধারাবাহিকতা নিয়ে কিছুটা সন্দেহ তৈরি হয়েছে।

এই কারণেই এখন বার্সা ভাবছে, তারা কি বড় অঙ্ক খরচ করে হালান্ডকে আনবে, নাকি ইয়ামালের ওপরই ভরসা রেখে তাকে আরো সময় দেবে?

সব মিলিয়ে, বার্সার সামনে এখন কঠিন সিদ্ধান্ত। ভবিষ্যতের জন্য তারা কি নতুন তারকার দিকে ঝুঁকবে, নাকি নিজেদের তৈরি প্রতিভার ওপরই আস্থা রাখবে, সেই উত্তরই নির্ধারণ করবে ক্লাবটির পরবর্তী পথচলা।

LEAVE A REPLY