এবারের পিএসএলে আর খেলতে পারবেন না পারভেজ হোসেন ইমন। ছবি: পিসিবি
কাঁধের চোটে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেলেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমন। তার দল লাহোর কালান্দার্স আজ বিষয়টি নিশ্চিত করেছে।
গত ৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় সতীর্থ আসিফ আলীর সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে ডান কাঁধে আঘাত পান ইমন। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি।
এমআরআই স্ক্যানের রিপোর্ট থেকে জানা যায়, ইমনের কাঁধের লিগামেন্ট ছিঁড়ে গেছে। চিকিৎসকেরা তাকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
লাহোর কালান্দার্স জানিয়েছে, ইমনের চোট যেন আরো গুরুতর পর্যায়ে চলে যায়, তাই সতকর্তাবশত গত ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ইমনকে খেলানো হয়নি। সব দিক বিবেচনা করে তাকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বদলি খেলোয়াড়ের নাম পরে জানানো হবে।
এবারের আসর দিয়েই নবম বাংলাদেশি হিসেবে পিএসএলে অভিষেক হয়েছিল ইমনের। প্রথম দুই ম্যাচে তিনি ব্যাট হাতে ভালো করতে পারেননি (১৪ ও ১২)। তবে যে ম্যাচে চোটে পড়েছেন, সেটিতেই জ্বলে উঠেছেন।
২ চার ও ৫ ছক্কায় ১৯ বলে খেলেছেন ৪৫ রানের ইনিংস।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আজ পেশাওয়ার জালমির বিপক্ষে খেলতে নেমেছে লাহোর কালান্দার্স। এই ম্যাচ শেষেই ইমন দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।
ইমনের দ্রুত সুস্থতা কামনা করে তাকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে লাহোর কালান্দার্স।











































