বৃষ্টির মধ্যেও ১৪ জেলায় গরমের দাপট

কখনো রোদ আবার কখনো বৃষ্টি, আকাশ এই রোদেলা, আবার মেঘলা—গত কয়েকদিন সারা দেশেই আবহাওয়ার এমন পরিস্থিতি বিরাজ করছে। আজ রবিবার ভোর থেকেই দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি ঝরেছে।আগামী ২৪ ঘণ্টায়ও সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতেও দেশের ১৪ জেলায় রয়েছে গরমের দাপট। 

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতে প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে বৃষ্টির বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে—এ অবস্থায় আগামীকাল সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া একই সময়ের মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।এ সময় সর্বোচ্চ বৃষ্টি ঝরেছে টাঙ্গাইলে ৫২ মিলিমিটার। 

LEAVE A REPLY