ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদ ও বার্সেলেনার এল ক্লাসিকো মানেই ছিল উত্তেজনা, লড়াই আর তারকাদের দ্বৈরথ। আর সেই লড়াইয়ের সবচেয়ে বড় নাম ছিলেন লিওনেল মেসি।এবার আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সাবেক রিয়াল তারকা কাসেমিরো।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার জানান, মেসিকে রাগিয়ে দিতে ভয় পেতেন তিনি। তাই মাঠে খুব বেশি চাপ সৃষ্টি করতেন না।
কাসেমিরো বলেন, ‘প্রতিবার আমরা যখন একে অপরের মুখোমুখি হতাম, আমি খুব বেশি কথা বলতাম না বা বেশি চাপ দিতাম না।কারণ আমি চাইতাম না মেসি রেগে যাক।’
হাসতে হাসতে তিনি আরো যোগ করেন, “আমি ট্যাকল করার পরই বলতাম, ‘সরি, সরি।’ কারণ তাকে থামানো অসম্ভব। বার্সেলোনা হয়তো খারাপ খেলছে, কিন্তু তারপরও মেসি একটা গোল করবে আর দল তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে।”
২০১৫ থেকে ২০২২ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন কাসেমিরো। এই সময়ে অসংখ্য এল ক্লাসিকোয় মুখোমুখি হয়েছেন মেসির। রিয়ালের জার্সিতে ৩৩৬ ম্যাচ খেলে ৩১ গোল ও ২৯ অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।











































