যু্ক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ কেন এত বিপজ্জনক

রয়টার্স ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা অত্যন্ত অস্থিতিশীল ও বিপজ্জনক। নেতৃত্বশূন্য করতে মার্কিন এই পরিকল্পনা বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছে রাশিয়া ও চীন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় বুধবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

যৌথ বিবৃতিতে মস্কো ও বেইজিং দাবি করে, যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ প্রকল্প একটি ‘সীমাহীন, বহুস্তরীয় ও বৈশ্বিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গড়ে তোলার পরিকল্পনা। যার লক্ষ্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর ক্ষেপণাস্ত্র উড্ডয়নের সব পর্যায়ে এমনকি উৎক্ষেপণের আগেই ধ্বংস করা হতে পারে।

প্রকল্পটির আওতায় ভূমিভিত্তিক প্রতিরক্ষাব্যবস্থার পাশাপাশি মহাকাশভিত্তিক প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।এতে উন্নত স্যাটেলাইট নেটওয়ার্ক, সেন্সর, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং কক্ষপথে অবস্থানকারী অস্ত্র ব্যবহারের ধারণা অন্তর্ভুক্ত রয়েছে।

রাশিয়া ও চীনের ভাষ্য, এ ধরনের পরিকল্পনা কৌশলগত স্থিতিশীলতার মূল নীতির পরিপন্থী। তাদের মতে, আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক কৌশলগত অস্ত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখাই স্থিতিশীলতার ভিত্তি।

এ ছাড়া দুই দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২০১০ সালের ‘নিউ স্টার্ট’ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিকল্প কোনো সমঝোতা না করার অভিযোগ তোলে।তারা যুক্তরাষ্ট্রের এ নীতিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করে। রাশিয়া জানায়, সম্ভাব্য যুক্তরাষ্ট্র-রাশিয়া অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় অংশ না নেওয়ার বিষয়ে চীনের অবস্থানকে তারা সমর্থন করে। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কিছু মহল মনে করে, চীনের দ্রুত পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির কারণে ওয়াশিংটনের অস্ত্র নিয়ন্ত্রণ সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন।

যৌথ বিবৃতিতে আরো বলা হয়, কিছু পারমাণবিক শক্তিধর দেশ স্বল্প ও মধ্যপাল্লার ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে, যা অন্যান্য দেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তারা সতর্ক করে বলেছে, ‘শত্রুকে অক্ষম ও নেতৃত্বশূন্য করতে আগাম বা প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার’ কৌশল অত্যন্ত অস্থিতিশীল ও বিপজ্জনক।

এদিকে বুধবার রাশিয়া একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেশটির সেনারা মোবাইল ইস্কান্দারের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় পারমাণবিক ওয়ারহেড বহন, সংযোজন ও উৎক্ষেপণস্থলে স্থানান্তরের মহড়া চালাতে দেখা যায়। রাশিয়া ও বেলারুশজুড়ে চলমান বৃহৎ পারমাণবিক মহড়ার অংশ হিসেবে এ অনুশীলন পরিচালিত হচ্ছে।

LEAVE A REPLY