মুক্তির পর থেকেই নানা সমালোচনার মুখে পড়েছে দক্ষিণী তারকা নানির বড় বাজেটের সিনেমা ‘দ্য প্যারাডাইস’। অতিরিক্ত হিংস্রতা ও অ্যাকশন দৃশ্যের আধিক্য নিয়ে আপত্তি উঠলেও বক্স অফিসে এগিয়ে চলছে সিনেমাটি।মুক্তির ষষ্ঠ দিনেই বিশ্বব্যাপী ১৫০ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি।
বক্স অফিসবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ছয় দিনে ভারতে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ১০১ কোটি ৫০ লাখ রুপি। একই সময়ে দেশটিতে এর মোট আয় বা গ্রস সংগ্রহ ১২০ কোটি রুপি।
প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিনে ভারতের ৫ হাজার ৭৭২টি প্রদর্শনী থেকে ৪ কোটি ৪০ লাখ রুপি আয় করেছে ‘দ্য প্যারাডাইস’।অন্যদিকে আন্তর্জাতিক বাজারে একই দিনে ছবিটির আয় ৫০ লাখ রুপি। এতে বিদেশের বাজারে সিনেমাটির মোট গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ৩০ কোটি ৫০ লাখ রুপি।
সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘দ্য প্যারাডাইস’-এর মোট গ্রস আয় ১৫০ কোটি ৫০ লাখ রুপি। অর্থাৎ, মুক্তির প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই দেড় শ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে নানির সিনেমাটি।
তবে বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সিনেমাটি নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। ছবির অতিরিক্ত হিংস্রতা ও অ্যাকশন দৃশ্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা নিয়ে আপত্তি তুলেছেন সমালোচকদের একাংশ।
তাদের মতে, প্রতিটি অ্যাকশন দৃশ্যকে আগেরটির চেয়ে আরো তীব্র করে তোলার চেষ্টা এবং একের পর এক নৃশংস দৃশ্যের উপস্থাপন অনেক ক্ষেত্রেই সহনশীলতার সীমা ছাড়িয়েছে।
তবে বিতর্কে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে একটি নারী চরিত্র সুব্বলক্ষ্মী নিয়ে। সিনেমায় সুব্বলক্ষ্মী দরিদ্র পরিবারের এক তরুণী।অর্থের প্রয়োজনে নিজের কিছু ইঙ্গিতপূর্ণ ভিডিও তৈরি করে বিক্রি করে সে। কিন্তু কেন সে এমন পরিস্থিতিতে পড়েছে, তার নিজের ইচ্ছা কী, কিভাবে সে এই বাস্তবতার সঙ্গে লড়ছে—এসব খুব বেশি অনুসন্ধান করা হয়নি বলে সমালোচনা হয়েছে।
বিতর্ক আরও বাড়ে একটি সংলাপকে ঘিরে। সুব্বলক্ষ্মীর মা তাকে ‘সিঙ্গেল শট অভিনেত্রী’ হিসেবে উল্লেখ করেন। চরিত্রটির শরীর ও ভিডিও তৈরির বিষয়টি যেভাবে পর্দায় দেখানো হয়েছে, সেটিকে অনেকে নারীকে পণ্য হিসেবে উপস্থাপনের উদাহরণ হিসেবে দেখেছেন।
এখানে সমালোচনার প্রশ্নটি শুধু একটি দৃশ্য ভালো না খারাপ—সেটি নয়। বরং সিনেমার মূল বক্তব্যের সঙ্গে নারী চরিত্রের উপস্থাপনার সামঞ্জস্য আছে কি না, সেটিই বড় প্রশ্ন। যে সিনেমা প্রান্তিক মানুষকে ‘মানুষ হিসেবে দেখার’ দাবি জানায়, সেখানে একজন তরুণীর শরীর ও যৌন আবেদনকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে—এ প্রশ্নই বিতর্ককে আরও তীব্র করেছে।
এমন সমালোচনার মধ্যেও অবশ্য আয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ‘দ্য প্যারাডাইস’। দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই বিশ্বব্যাপী দেড় শ কোটি রুপির ঘর পেরিয়েছে নানির এই বড় বাজেটের সিনেমা।










































