তাসকিন আহমেদ। ছবি: এক্স
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসানের পর তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। অর্থাৎ, আসন্ন আসরে এই দুই বাংলাদেশিকে সতীর্থ হিসেবে খেলতে দেখা যাবে।
এলপিএলের ষষ্ঠ আসর শুরুর আগে সরাসরি চুক্তিতে সাকিব ও তাসকিনকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে জাফনা কিংস।
তাসকিনকে নিয়ে দেওয়া পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘জাফনা পেস আক্রমণে যুক্ত করল আগুন ঝরানো শক্তি।’
রাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব গত কয়েক মাস কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। তবে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন ও ফিটনেস ধরে রাখার কাজ চালিয়ে গেছেন।
এর আগে ২০২৩ এলপিএলে অংশ নিয়েছিলেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সেবার খেলেছিলেন গল টাইটান্সের হয়ে।
তাসকিনের জন্যও এলপিএল নতুন নয়। ২০২৪ মৌসুমে তিনি খেলেছিলেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে।
এলপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল জাফনা। আগের পাঁচ আসরের মধ্যে চারবারই শিরোপা জিতেছে। এবারও শক্তিশালী স্কোয়াড গড়ার পথে হাঁটছে তারা।
এবারের এলপিএল শুরু হবে ১৭ জুলাই। আর বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর শেষ হবে ১৯ জুলাই।জাতীয় দলের সঙ্গে থাকলে তাসকিন এলপিএলে একাধিক ম্যাচ মিস করবেন।
লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি
ক্রীড়া ডেস্কপ্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬ ২০:৩৮ | আপডেট: শনিবার, ২৩ মে, ২০২৬ ২০:৪৩











































