ছবি : রমেশ/এক্স
কর্ণাটক রাজ্যের কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার বিধানসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন। এতে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে আর বাধা রইল না।শনিবার (৩০ মে) বেঙ্গালুরুতে কংগ্রেস লেজিসলেটিভ পার্টির (সিপিএল) বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিধান সৌধে অনুষ্ঠিত সভায় বিদায়ী মুখ্যমন্ত্রী ও প্রবীণ নেতা সিদ্দারামাইয়া বিধানসভা দলের নতুন নেতা হিসেবে শিবকুমারের নাম প্রস্তাব করেন। এর পরেই বৈঠকে শিবকুমারকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করা হয়। সভাটি তত্ত্বাবধান করেন এআইসিসির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এবং রণদীপ সিং সুরজেওয়ালা।
কংগ্রেসের রাজ্য ইউনিটের কার্যনির্বাহী সভাপতি জি সি চন্দ্রশেখর জানিয়েছেন, কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী ৩ জুন বেঙ্গালুরুর লোক ভবনের গ্লাস হাউসে শপথ নেবেন। দুপুর ১২টার কিছু পরে হবে শপথ অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, শপথ গ্রহণ অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ হওয়ার বদলে তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হতে পারে।নতুন মন্ত্রিসভার প্রথম দফায় সীমিত সংখ্যক মন্ত্রী শপথ নেবেন। পরে ধাপে ধাপে পূর্ণ মন্ত্রিসভা গঠন করা হবে।










































