স্পেনে রবিবারের (২৯ নভেম্বর) জাতীয় নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা।
শেষ নির্বাচনী সমাবেশে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী আলবার্তো নুনেজ ফেইজো নিজ নিজ দলের পক্ষে ভোট চেয়েছেন।জনমত জরিপে পিছিয়ে থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস দেখিয়েছেন সানচেজ। সমর্থকদের সঙ্গে সেলফি তোলার সময় সানচেজ বলেন, ‘আমাদের পরাজয়ের কথা আমি কল্পনাও করতে পারি না।’
লাল টি-শার্ট পরা সমর্থকদের মাঝে দাঁড়িয়ে তিনি প্রতিদ্বন্দ্বী ফেইজোর সমালোচনা করেন। তার অভিযোগ, ফেইজো অতি-ডানপন্থীদের সঙ্গে জোট গড়ার পরিকল্পনা করছেন।জনমত জরিপে ফেইজোর নেতৃত্বাধীন রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রচারণার শেষ পর্যায়ে বার্সেলোনা ও সেভিল সফর করেন ফেইজো। এ সময় তিনি ভোটারদের কাছে ‘সত্য, শালীনতা ও সুশাসনের’ নতুন যুগের প্রতিশ্রুতি দেন।
ফেইজো অভিযোগ করেন, দুর্নীতি, রেল দুর্ঘটনা, অভিবাসন ও জাতীয় ঋণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করা হলেও সানচেজ সেগুলোর উত্তর এড়িয়ে গেছেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপের হাতেগোনা কয়েকজন বামপন্থী সরকারপ্রধানের একজন। তবে আসন্ন নির্বাচনে তার দল ক্ষমতা হারালে ইউরোপের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে। আগামী পাঁচ মাসের মধ্যে ফ্রান্সেও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে অল্প সময়ের ব্যবধানে ইউরোপের দুটি বৃহৎ অর্থনীতির দেশ ডানপন্থীদের শাসনে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
স্পেনে প্রায় ৩ কোটি ৯০ লাখ ভোটার রয়েছেন।বিশ্লেষকেরা নির্বাচনে বেশি ভোটার উপস্থিতির আশা করছেন। তবে অধিকাংশ জনমত জরিপে ক্ষমতাসীন সমাজবাদী দল ও বিরোধী পিপলস পার্টির (পিপি) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। দেশটির নির্বাচনী আইন অনুযায়ী, সোমবারের পর থেকে জনমত জরিপের ফল প্রকাশ বন্ধ রয়েছে।
পিপি সমর্থকদের উদ্দেশে দলটির নেতা আলবার্তো নুনেজ ফেইজো বলেন, ‘এবার আমরা অবশ্যই সফল হব।’ তিন বছর আগে নির্বাচনে তার দল সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠন করতে পারেনি। এবার সেই ব্যর্থতা কাটিয়ে ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী তিনি।
নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে হলে রক্ষণশীল নেতা আলবার্তো নুনেজ ফেইজোকে অভিবাসনবিরোধী দল ‘ভক্স’-এর সমর্থন নিতে হতে পারে। দলটির নেতা সান্তিয়াগো আবাসকাল ভ্যালেন্সিয়ার একটি ষাঁড়ের লড়াইয়ের মাঠে শেষ নির্বাচনী সমাবেশ করেন। এতে হাজার হাজার সমর্থক অংশ নেন।
সমাবেশে আসা অনেক তরুণ ভোটার জানান, অভিবাসন বিষয়ে কঠোর অবস্থানের কারণেই তারা ভক্সকে সমর্থন করছেন। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দেশের সীমান্ত নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন।
ভক্স আশা করছে, তিন বছর আগে পাওয়া ৩৩টি আসন এবার প্রায় দ্বিগুণ হবে। দলটি কল্যাণমূলক সুবিধায় স্প্যানিশ নাগরিকদের অগ্রাধিকার এবং অর্থনীতিতে অবদান না রাখা বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর পক্ষে। নির্বাচনী প্রচারণার শেষ দিনে চার দলের টেলিভিশন বিতর্কে আবাসন সংকট, দুর্নীতি ও নারীদের অধিকার গুরুত্ব পায়।
পিপি নেতা ফেইহো চার বছরে ১০ লাখ বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী সানচেজ বলেন, আবাসন মানুষের অধিকার।বিতর্কে ফেইহো বামপন্থীদের বিরুদ্ধে ভ্যালেন্সিয়ার বন্যার সময় নীরব থাকার অভিযোগ তোলেন। এ সময় তিনি নারী নেতা আদা কোলাউকে উদ্দেশ করে অবজ্ঞাসূচক ‘কালাদিতা’ শব্দটি ব্যবহার করেন।
সেভিলের সমাবেশে তিনি বলেন, ‘শাসন মানে দেশ পরিচালনা করা। আর আমি সারা জীবন এই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি।’
মাদ্রিদে স্ত্রী বেগোনিয়া গোমেজকে সঙ্গে নিয়ে সমাবেশে যোগ দেন সানচেজ। তিনি আদা কোলাউ ও তার বামপন্থী জোটের প্রচারণার প্রশংসা করে বলেন, ‘এই নির্বাচন স্পেনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, পেছনে ফিরিয়ে নেওয়ার জন্য নয়।’
২৫ বছর বয়সী সমাজতন্ত্রী লিওন ফেলিপে বলেন, এই নির্বাচনে স্পেনের ভবিষ্যৎ ও অতীতের স্বৈরশাসনে ফিরে যাওয়ার আশঙ্কা জড়িত। তাই তরুণদের সংগঠিত হওয়া জরুরি। কোলাউ বলেন, তারা চুপ করে থাকবেন না, বরং জয়ী হয়ে একটি প্রগতিশীল সরকার গঠন করবেন।










































