ছবি : ফেসবুক
বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে থাকবে ঠিক তখনই সীমিত সংস্করণ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। দ্বিপক্ষীয় সিরিজকে সামনে রেখেই আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্কোয়াডটি অবশ্য প্রথম দুই ওয়ানডের জন্য। ঘরের মাঠের সিরিজ দিয়ে দলে ফিরছেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলে সুযোগ পাওয়ায় ৪ বছরের অপেক্ষার অবসান হচ্ছে তার। সর্বশেষ ২০২২ সালের আগস্টে শেষ ওয়ানডেটি খেলেছেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার।
১৬ সদস্যের দলে ফিরেছেন সর্বশেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলা উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানও। সোহান-মোসাদ্দেককে জায়গা দিতে বাদ পড়েছেন কিউইদের বিপক্ষে খেলা আফিফ হোসেন ধ্রুব ও মাহিদুল ইসলাম অঙ্কন।
ফুটবল বিশ্বকাপ শুরুর দুই দিন আগে দ্বিপক্ষীয় সিরিজটি শুরু হবে। আগামী ৯ জুন শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যথারীতি নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ।বাকি দুই ওয়ানডে ১১ ও ১৪ জুন। সব ম্যাচ মিরপুরে। অন্যদিকে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে।
বাংলাদেশের স্কোয়াড :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।











































