রিয়ালে মরিনহোর আনুষ্ঠানিক ঘোষণা কবে

সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদে হোসে মরিনহোর প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা মাত্র। স্প্যানিশ সংবাদমাধ্যম ও ইএসপিএনের তথ্য অনুযায়ী, লা লিগা মৌসুম শেষ হওয়ার পর আগামী রবিবার কিংবা সোমবার আনুষ্ঠানিকভাবে মরিনহোকে নতুন কোচ হিসেবে ঘোষণা দিতে পারে রিয়াল মাদ্রিদ।

শনিবার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলবে রিয়াল। আর সেই ম্যাচের পরই ‘দ্য স্পেশাল ওয়ান’-এর ফেরার ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের দায়িত্বে ছিলেন মরিনহো। এবার তিনি দুই বছরের চুক্তিতে আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতে যাচ্ছেন বলে দাবি করেছে ইএসপিএন।ইতিমধ্যে বর্তমান ক্লাব বেনফিকাতেও বিদায়ের প্রস্তুতি শুরু করেছেন এই পর্তুগিজ কোচ।

চলতি মৌসুমে রিয়ালের হতাশাজনক পারফরম্যান্সই মূলত বড় পরিবর্তনের পথ তৈরি করেছে। লা লিগায় বার্সেলোনার পেছনে দ্বিতীয় স্থানে শেষ করার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। টানা দ্বিতীয় মৌসুম বড় কোনো শিরোপা ছাড়াই শেষ করতে যাচ্ছে ক্লাবটি।

জাভি আলোনসোর বিদায়ের পর জানুয়ারিতে দায়িত্ব পান আলভারো আরবেলোয়া। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনিও। আর তাই শেষ পর্যন্ত আবারও অভিজ্ঞ মরিনহোর দিকেই ঝুঁকেছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পেরেজ বলেছিলেন, মরিনহোর প্রথম মেয়াদই রিয়ালকে নতুন প্রতিযোগিতামূলক মানসিকতা এনে দিয়েছিল এবং পরবর্তী সাফল্যের ভিত গড়ে দিয়েছিল।

সেই বিশ্বাস থেকেই হয়তো এবার আবারও তাকে দায়িত্ব দিতে যাচ্ছেন তিনি।

তবে ক্লাবের চলমান প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। পেরেজ পুনর্নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিলেও ব্যবসায়ী এনরিকে রিকেলমে প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন আছে। সে কারণেই মরিনহোর চুক্তিতে বিশেষ একটি ধারা রাখার বিষয়ও বিবেচনা করছে রিয়াল। ভবিষ্যতে নতুন সভাপতি এলে চাইলে যেন অন্য কোচ নিয়োগ দিতে পারেন।

২০১৩ সালে রিয়াল ছাড়ার পর মরিনহো কোচিং করিয়েছেন চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, রোমা ও ফেনারবাচের মতো ক্লাবে। গত সেপ্টেম্বরে যোগ দেন বেনফিকায়। আর এখন সব কিছু ঠিক থাকলে আবারও শুরু হতে যাচ্ছে বার্নাব্যুতে তার দ্বিতীয় অধ্যায়। 

LEAVE A REPLY