সংগৃহীত ছবি
২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা ওঠার অপেক্ষা। এরই মধ্যে টুর্নামেন্ট নিয়ে নিজেদের ভবিষ্যদ্বাণী জানাতে শুরু করেছেন বর্তমান ও সাবেক ফুটবলাররা।এবার বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন, চমকপ্রদ দল এবং সেরা খেলোয়াড় নিয়ে নিজের মতামত জানিয়েছেন স্পেনের তরুণ মিডফিল্ডার গাভি।
জনপ্রিয় স্প্যানিশ স্ট্রিমার ইবাই ইয়ানোসের এক অনুষ্ঠানে অংশ নিয়ে ২১ বছর বয়সী এই মিডফিল্ডার বিশ্বকাপ নিয়ে বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করেন। সেখানে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে তিনি নিজের দেশ স্পেনকে বেছে নেন। রানার্সআপ হিসেবে তার পছন্দ পর্তুগাল।
তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার ‘চমকপ্রদ দল’ নির্বাচন। গাভির মতে, এবারের বিশ্বকাপে বড় চমক দেখাতে পারে ইকুয়েডর।
গাভি বলেন, ‘চমকপ্রদ দল হিসেবে আমি ইকুয়েডরের নাম বলব। তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে।’
ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রেও নিজের বার্সেলোনা ও স্পেন সতীর্থ লামিনে ইয়ামালের ওপর আস্থা রেখেছেন তিনি। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতবেন ইয়ামাল, এমনটাই বিশ্বাস গাভির।
এ ছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি বেছে নিয়েছেন স্পেনের ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবালকে। উদীয়মান তারকা হিসেবে তার পছন্দ পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স, আর সেরা অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে।
গাভির বিশ্বকাপ ভবিষ্যদ্বাণী:
* চ্যাম্পিয়ন: স্পেন
* রানার্সআপ: পর্তুগাল
* চমকপ্রদ দল: ইকুয়েডর
* সর্বোচ্চ গোলদাতা: মিকেল ওয়ারজাবাল
* উদীয়মান তারকা: জোয়াও ফেলিক্স
* সেরা অভিজ্ঞ খেলোয়াড়: নেইমার জুনিয়র
* টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: লামিনে ইয়ামাল।
মাত্র ২১ বছর বয়সেই স্পেন ও বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন গাভি। ২০২১ সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর এখন পর্যন্ত ১৬৬ ম্যাচে ১০ গোল ও ১৬টি অ্যাসিস্ট করেছেন তিনি। ক্লাবটির হয়ে জিতেছেন তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে শিরোপা।
জাতীয় দলের হয়েও ইতোমধ্যে ২৮ ম্যাচ খেলেছেন গাভি। ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৩ উয়েফা নেশনস লিগ জয়ের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।











































