বৈভব সূর্যবংশী
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বহু প্রতিভাবান ক্রিকেটারের জন্ম দিয়েছে। তবে ২০২৬ মৌসুমে যা করলেন বৈভব সূর্যবংশী, তা শুধু প্রতিভার পরিচয় নয়, বরং ইতিহাসের অন্যতম বিস্ময়কর সূচনা হিসেবেই বিবেচিত হচ্ছে।
মাত্র ১৫ বছর বয়সে নিজের প্রথম পূর্ণাঙ্গ আইপিএল মৌসুম খেলেই রেকর্ডের পর রেকর্ড গড়েছেন রাজস্থান রয়্যালসের এই তরুণ ব্যাটার। ১৬ ম্যাচে ৭৭৬ রান করে জিতেছেন অরেঞ্জ ক্যাপ। তার গড় ছিল ৪৮.৫০ এবং স্ট্রাইক রেট ২৩৭.৩১। পুরো মৌসুমে হাঁকিয়েছেন ৭২টি ছক্কা।
এতেই শেষ নয়। অরেঞ্জ ক্যাপের পাশাপাশি তিনি জিতেছেন এমভিপি, সুপার স্ট্রাইকার, ইমার্জিং প্লেয়ার এবং সর্বোচ্চ ছক্কার পুরস্কারও।
২০২৫ সালে আংশিক মৌসুম খেলার পর ২০২৬ শেষে আইপিএলে বৈভবের ক্যারিয়ার পরিসংখ্যান দাঁড়িয়েছে ২৩ ম্যাচে ১,০২৮ রান। গড় ৪৪.৬৯, স্ট্রাইক রেট ২২৮.৯৫।রয়েছে দুটি সেঞ্চুরি ও ছয়টি হাফসেঞ্চুরি।
এই পর্যায়ে এসে তুলনা শুরু হয়েছে আইপিএলের কিংবদন্তিদের সঙ্গে। আর সেই তুলনায় বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়ে রয়েছেন বৈভব।
ক্রিস গেইল প্রথম পূর্ণাঙ্গ মৌসুম শেষে ২৮ ম্যাচে করেছিলেন ১,০৭১ রান। গড় ছিল ৪৪.৬২ এবং স্ট্রাইক রেট ১৬২.৫২।রানের হিসেবে গেইল কিছুটা এগিয়ে থাকলেও বৈভব পাঁচ ম্যাচ কম খেলে প্রায় সমান রান করেছেন। আর স্ট্রাইক রেটের ব্যবধান প্রায় ৬৬ রান।
অন্যদিকে এবি ডি ভিলিয়ার্সের প্রথম পূর্ণ মৌসুম শেষে রান ছিল ৫৬০, ডেভিড ওয়ার্নারের ৪৪৫, সুরেশ রায়নার ৪২১, মহেন্দ্র সিং ধোনির ৪১৪ এবং রোহিত শর্মার ৪০৪। এমনকি আইপিএলের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলিরও প্রথম পর্যায়ের পরিসংখ্যান ছিল মাত্র ১৬৫ রান।
পরিসংখ্যান বলছে, আইপিএলের ইতিহাসে এত দ্রুত, এত ধারাবাহিক এবং এত বিধ্বংসী সূচনা আর কোনো ব্যাটার করতে পারেননি। বিশেষ করে ২২৮.৯৫ স্ট্রাইক রেট নিয়ে এক হাজারের বেশি রান করা প্রায় অবিশ্বাস্য কীর্তি।
বিশেষজ্ঞদের মতে, বৈভবের সাফল্যের সবচেয়ে বড় দিক হলো তিনি শুধু রানই করেননি, ম্যাচের গতিপথও বদলে দিয়েছেন। পাওয়ারপ্লে থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে রাজস্থানকে বারবার শক্ত অবস্থানে নিয়ে গেছেন।
তবে এখনো তাকে আইপিএলের সর্বকালের সেরাদের কাতারে রাখা হচ্ছে না। কারণ দীর্ঘ ক্যারিয়ার, ধারাবাহিকতা, চাপের ম্যাচে পারফরম্যান্স এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়গুলো এখনো বাকি।
তারপরও একটি বিষয়ে প্রায় সবাই একমত, প্রথম পূর্ণাঙ্গ মৌসুমের বিচারে আইপিএলের ইতিহাসে বৈভব সূর্যবংশীর মতো বিস্ফোরক সূচনা আর কেউ করতে পারেননি।











































