হজযাত্রীদের বিমানভাড়া ৯৮ হাজার টাকা করার প্রস্তাব

সংগৃহীত ছবি

পবিত্র হজ মৌসুমে আগামী বছর থেকে হজযাত্রীদের বিমানভাড়া জনপ্রতি ৯৮ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। সবশেষ ২০২৬ সালের হজ মৌসুমে জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা।সেই তুলনায় ইউএস-বাংলার এই প্রস্তাব অনুমোদিত হলে হজের বিমান ভাড়া কমবে প্রায় ৫৬ হাজার ৮৩০ টাকা, যা হজের মোট প্যাকেজ মূল্য উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সরকরের অনুমতি চেয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি চিঠি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘বর্তমান সরকারের হজের ব্যয় কমানোর যে অঙ্গীকার, তা বাস্তবায়নে আমাদের চেষ্টা অব্যাহত আছে। হজের বিমানভাড়া নিয়ে এমন প্রতিযোগিতা হওয়াটা ভালো।ইউএস-বাংলার এই প্রস্তাবটি বিমানভাড়া কমানোর দর-কষাকষির ক্ষেত্রে আমাদের জন্য একটি বড় ‘প্লাস পয়েন্ট।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, চিঠিতে ইউএস-বাংলা উল্লেখ করেছে, বাংলাদেশের স্বল্প আয়ের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে আসন্ন হজ মৌসুমে সাশ্রয়ী ব্যয়ে পবিত্র হজ পালন করতে পারেন, সে জন্য হজ ফ্লাইটের সমস্ত শর্ত মেনে নেট ভাড়া জনপ্রতি ৯৮ হাজার টাকায় তারা ফ্লাইট পরিচালনা করতে ইচ্ছুক। তারা আরো জানিয়েছে, সরকার নীতিগত অনুমোদন দিলে তারা সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটির (জিএসিএ) কাছ থেকে দ্রুততম সময়ে প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করবে।

প্রতিবছর বাংলাদেশ থেকে মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সাউদিয়া এবং বেসরকারি ফ্লাইনাস এয়ারলাইনস হজযাত্রী পরিবহন করে আসছে।বেসরকারি এয়ারলাইনস হিসেবে ইউএস-বাংলা যুক্ত হলে বাজারে একচেটিয়া ভাব কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানতে চাইলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘আমরা সব সময় হজের বিমানভাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার দাবি জানিয়ে আসছি। ইউএস-বাংলা এয়ারলাইনস ধর্ম মন্ত্রণালয়ে যে প্রস্তাব দিয়েছে, তা অত্যন্ত ইতিবাচক। আজ বিকেলের বৈঠকে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ হজসংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠক শেষে আজ বিকেল ৪টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন। সেখানে বিমানভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।

LEAVE A REPLY