ইরানের সঙ্গে স্থলযুদ্ধে জড়ানোর সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেই: তেহরান

ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে স্থলযুদ্ধে জড়ানোর মতো সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেই বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর স্থলবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল নোজার নেমাতি। তিনি বলেছেন, দেশের সীমান্ত সুরক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং স্থলযুদ্ধের ক্ষেত্রে ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে প্রতিপক্ষ ভালোভাবেই অবগত।

শনিবার (২৮ নভেম্বর) তেহরানে এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নেমাতি। ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নোজার নেমাতি জানান, যুদ্ধ শুরুর আগেই সেনাবাহিনীর স্থলবাহিনী দেশের সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছিল এবং স্থলসীমান্ত রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি ও আগাম পরিকল্পনাও নেওয়া হয়েছিল। তাঁর মতে, ১২ দিনের যুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন সংঘাতের সময় সেনাবাহিনীর স্থলবাহিনী অন্যান্য সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে।

সাম্প্রতিক সামরিক তৎপরতায় স্থলবাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধের শুরু থেকেই এসব ইউনিট সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এবং এখনো তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইরানি এই সেনা কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি এবং জনগণের সমর্থনই প্রতিরোধ সক্ষমতার মূল ভিত্তি। সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুসরণ করে জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে এবং প্রতিরক্ষার সব ক্ষেত্রে পূর্ণ প্রস্তুতি বজায় থাকলে উদ্বেগের কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।

দেশের সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে নেমাতি জানান, ইরানের সঙ্গে ১৪টি দেশের সীমান্ত রয়েছে। প্রতিবেশী কয়েকটি দেশে অস্থিতিশীলতা বিরাজ করলেও সশস্ত্র বাহিনীর প্রস্তুতি ও তৎপরতার কারণে ইরানের সীমান্ত নিরাপদ রয়েছে।

LEAVE A REPLY