মোবাইল সেট উৎপাদনে ভারতের নতুন চমক

সংগৃহীত ছবি

সেমিকন্ডাক্টর তৈরি, ডিজাইন এবং উৎপাদন বাড়াতে এবার ১ দশমিক ২৮ ট্রিলিয়ন রুপি (প্রায় ১ হাজার ৩৩০ কোটি মার্কিন ডলার) নতুন বিনিয়োগের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা। এর ফলে দেশটিতে মোবাইল ফোন উৎপাদনে নতুন মাত্র যোগ হতে যাচ্ছে।একই সঙ্গে বাড়ছে কর্মসংস্থানও।

বুধবার এ তথ্য জানিয়েছেন দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দেশটির সরকার জানিয়েছে, এই অর্থ সেমিকন্ডাক্টর প্রযুক্তির মেধাস্বত্ব (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) ও চিপ ডিজাইন উন্নয়ন, নতুন চিপ উৎপাদন কারখানা (ফ্যাব্রিকেশন প্ল্যান্ট) স্থাপন এবং গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কার্যক্রম জোরদারে ব্যয় করা হবে।

প্রায় পাঁচ বছর আগে ভারত ১০ বিলিয়ন ডলারের প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেছিল।যার লক্ষ্য ছিল দেশটিকে বৈশ্বিক ইলেকট্রনিক্স উৎপাদনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা। সেই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১২টি উৎপাদন ইউনিট এবং ২৪টি সেমিকন্ডাক্টর ডিজাইন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।

এদিকে মন্ত্রিসভা মোবাইল ফোন উৎপাদন বাড়াতে পাঁচ বছর মেয়াদি আরেকটি কর্মসূচির জন্য ৬২ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দও অনুমোদন করেছে। এই কর্মসূচির আওতায় ভারতে উৎপাদিত মোবাইল ফোনের যোগ্য বিক্রয়ের ওপর ২ দশমিক ২৫ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে।এ ছাড়া গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ দেশীয়ভাবে সংগ্রহ করলে অতিরিক্ত সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ প্রণোদনার ব্যবস্থাও রাখা হয়েছে।

সরকারের আশা, নতুন এই কর্মসূচির মাধ্যমে দেশে প্রায় ৬০ হাজার সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ভারতের ইলেকট্রনিকস উৎপাদন খাত আরো শক্তিশালী হবে।

LEAVE A REPLY