বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে?

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী বিয়ে করেছেন। তবে তার বিয়ের খবরের চেয়েও ভক্তদের আগ্রহ এখন পাত্রকে ঘিরে।কে সেই ব্যক্তি, যার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী? পাত্রের নাম সিদ্ধার্থ দত্ত। পেশায় তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার।

২৬ নভেম্বর (বৃহস্পতিবার) কলকাতায় ঘরোয়া আয়োজনে নিবন্ধন বিয়ে করেন মিমি ও সিদ্ধার্থ। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন।বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান অভিনেত্রী। ছবির ক্যাপশনে জুড়ে দেন কয়েকটি লাল হৃদয়ের ইমোজি।

প্রকাশিত প্রথম ছবিতে নবদম্পতির ছায়ামূর্তি এবং তাদের বিয়ের আংটি দেখা যায়। পরের ছবিতে নিবন্ধনের কাগজে স্বাক্ষর করতে দেখা যায় সিদ্ধার্থকে।আরেকটি ছবিতে সিদ্ধার্থের আঙুলে বিয়ের আংটি পরিয়ে দিচ্ছেন মিমি। শেষ ছবিতে স্বামীকে জড়িয়ে ধরতে দেখা যায় তাকে। তবে ছবিতে সিদ্ধার্থের মুখ আড়াল করে রেখেছেন অভিনেত্রী। ফলে বিয়ের ছবি প্রকাশ করলেও স্বামীর পরিচয় ও চেহারা নিয়ে ভক্তদের কৌতূহল রয়েই গেছে।

জানা গেছে, মিমি ও সিদ্ধার্থ বেশ কিছুদিন ধরেই সম্পর্কে ছিলেন।তবে সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে কথা বলেননি অভিনেত্রী। বিয়ের দিন দুজনের পোশাকেও ছিল রঙের মিল। সাদা ও সোনালি রঙের সমন্বয়ে সাজেছিলেন তারা।

তবে ২৬ নভেম্বরের নিবন্ধন বিয়েই শেষ নয়। আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে ঐতিহ্যবাহী আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মিমি ও সিদ্ধার্থ। জলপাইগুড়ির মেয়ে মিমির বিয়ের আয়োজন চলবে তিন দিন ধরে। এ ছাড়া নিজের শহরেও বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন হতে পারে। কলকাতায় চলচ্চিত্র অঙ্গনের বন্ধু ও সহকর্মীদের নিয়ে আগামী ১১ ডিসেম্বর বড় পরিসরে সংবর্ধনার আয়োজন করতে পারেন অভিনেত্রী।

অভিনয় ও রাজনৈতিক জীবন

টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’ দিয়ে পরিচিতি পান মিমি চক্রবর্তী। প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের পরিকল্পনায় তৈরি এই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন তিনি। পরে ‘শুধু তোমারই জন্য’, ‘গ্যাংস্টার’, ‘পোস্ত’, ‘ড্রাকুলা স্যার’ ও ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মতো সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন।

সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কাজেও দেখা গেছে তাকে। ‘যাহা বলিব সত্য বলিব’ ও ‘ডাইনি’সহ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন মিমি। সর্বশেষ তাকে দেখা গেছে সৃজিত মুখার্জির পূজার সিনেমা ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’-এ।

২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন মিমি। ওই বছর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভারতের লোকসভা নির্বাচনে যাদবপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি। সপ্তদশ লোকসভার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

LEAVE A REPLY