নরওয়েতে আগুনে শতাধিক বাড়ি পুড়ে ছাই, সরিয়ে নেওয়া হয়েছে শত শত মানুষ

ছবি : রয়টার্স

দক্ষিণ নরওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০০টির বেশি বাড়ি ধ্বংস হয়েছে এবং শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

পুলিশ ও দেশটির সরকারি সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ড্রামেন শহরের একটি টাউন হাউসে আগুনের সূত্রপাত হয়। আগুন পরে দ্রুত আশপাশের এলাকায় এবং কাছের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের কারণে পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। অসলো থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সারিবদ্ধ আবাসিক বাড়ির একটি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা রাতভর কাজ করেন এবং শনিবার সকালেও তাদের অভিযান অব্যাহত ছিল।

নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার শত শত বাসিন্দা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। পুলিশের মতে, এখন পর্যন্ত কোনো ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।ড্রামেন শহরটি নরওয়ের রাজধানী অসলো থেকে প্রায় ৩৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

LEAVE A REPLY