সংগৃহীত ছবি
ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় লাই চাউ প্রদেশের একটি পাহাড়ি গ্রামে আকস্মিক বন্যায় অন্তত ৪ জন নিহত হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সি জানায়, কয়েক দিনের টানা ভারি বৃষ্টির পর শুক্রবার ভোরে মুয়ং থান গ্রামে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এ ঘটনায় ৪ জন নিহতের পাশাপাশি নিখোঁজ রয়েছে আরো ৪ জন। এ ছাড়া আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করা হয়েছে।
প্রকাশিত ছবিতে দেখা গেছে, বন্যার পানির সঙ্গে নেমে আসা লাল কাদায় পুরো গ্রাম ঢেকে গেছে।ক্ষতিগ্রস্ত সড়কের পাশে জমে রয়েছে বড় বড় পাথর ও গাছের গুঁড়ি।
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার থেকে শুরু হওয়া ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সড়ক, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ২৩৮ হেক্টর কৃষিজমি পানিতে তলিয়ে গেছে।










































