ছবি : ভিডিও থেকে নেওয়া।
যন্তর মন্তর থেকে দেওয়া এক আপডেটে ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) বুধবার (২২ জুন) সকালে দাবি করেছে, বিক্ষোভস্থলে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। দলটির ভাষ্য, সেখানে বিপুলসংখ্যক আন্দোলনকারী অবস্থান করছেন।
দলের জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকার যদি তাদের দাবি, বিশেষ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি না মানে, তাহলে আরো লাখো মানুষ দিল্লিতে আন্দোলনে যোগ দেবেন।
তিনি বলেন, ‘এটি স্বাধীনতার পর ভারতের সবচেয়ে বড় আন্দোলন। ২০ তারিখে যা হয়েছে, তা ছিল শুধু শুরু। সরকার দাবি না মানলে আরো লাখো মানুষ দিল্লিতে আসবেন।এবার আমরা চুপ করে থাকব না।’ রাঙ্কা আরো দাবি করেন, তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ। আন্দোলনকে অশান্ত হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তবে শান্তিপূর্ণভাবেই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।
সিজেপির বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, বন্ধ ১৬টি মেট্রো স্টেশন
এদিকে চলমান বিক্ষোভের কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীজুড়ে। দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) জানিয়েছে, প্রথমে জনপথ, রাজীব চৌক, প্যাটেল চৌক ও সেন্ট্রাল সেক্রেটারিয়েটসহ চারটি মেট্রো স্টেশন বন্ধ করা হয়। পরে নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোট ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
চলমান প্রতিবাদ, বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ এবং সংসদের অধিবেশনকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ জন্য অতিরিক্ত ২০ কম্পানি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) মোতায়েনের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সরকারি সূত্র জানায়, মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পর পশ্চিমবঙ্গ থেকে বিমানযোগে এসব সিআরপিএফ সদস্যকে দ্রুত দিল্লিতে আনা হচ্ছে। নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা জানান, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং চলমান বিক্ষোভ মোকাবিলায় এই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে।
সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের সমর্থনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও সান হোসেতে বিক্ষোভ করেছেন একদল কর্মী। নিট পরীক্ষা পরিচালনায় কথিত অনিয়মের প্রতিবাদে সোনম ওয়াংচুক নয়াদিল্লিতে অনির্দিষ্টকালের অনশন করছেন। তার প্রতি সংহতি জানিয়ে মার্কিনভিত্তিক সংগঠন ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’-এর কর্মীরা এই কর্মসূচি পালন করেন।
সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ইউনিয়ন স্কোয়ার এবং সান হোসেতে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে তারা জড়ো হন। এ সময় তাদের হাতে ওয়াংচুকের সমর্থনে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ছিল এবং তারা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীদের জন্য অনলাইনে খাবার পাঠাচ্ছেন শত শত মানুষ
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীদের জন্য দেশজুড়ে শত শত মানুষ অনলাইনে খাবারের অর্ডার দিচ্ছেন।
বিক্ষোভস্থলের ব্যারিকেডের বাইরে টলস্টয় মার্গ ও সংসদ মার্গের সংযোগস্থলে মঙ্গলবার সকাল থেকে খাবার পৌঁছে দিতে ব্যস্ত ছিলেন ডেলিভারি কর্মীরা। ১৮ বছর বয়সী ডেলিভারি কর্মী আয়ু জ্যাকব জানান, তিনি এদিন বহুবার ওই স্থানে খাবার পৌঁছে দিতে এসেছেন।
প্রতি কয়েক মিনিট পরপর নতুন নতুন ডেলিভারি কর্মী বিক্ষোভস্থলে খাবার নিয়ে আসছিলেন। এসব খাবার কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, বরং আন্দোলনকারীদের জন্য পাঠানো হচ্ছিল। খাবারের অর্ডারের মধ্যে ছিল পিৎজা, বার্গার, মোমো থেকে শুরু করে বিভিন্ন ধরনের থালি। অনলাইনে অর্ডার করে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানাচ্ছেন।










































