মেটার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করল কিশোর

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আসক্তি ও ক্ষতির অভিযোগ তুলে মেটার বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছে ফ্লোরিডার এক কিশোর। ১৫ বছর বয়সী ওই কিশোর দাবি করেছিল, ইনস্টাগ্রামসহ মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করতে গিয়ে সে আসক্ত হয়ে পড়ে এবং এর কারণে তার মানসিক ও শারীরিক ক্ষতি হয়েছে।

আদালতের নথিতে ওই কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি। তাকে আর.কে.সি. নামে উল্লেখ করা হয়েছে। কয়েক সপ্তাহ আগে একই ধরনের অভিযোগে টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবের বিরুদ্ধেও করা মামলা মীমাংসা করে সে। শিশুদের জন্য ক্ষতিকর ও অতিরিক্ত আসক্তি তৈরি করে—এমন অভিযোগে বড় একটি মামলার অংশ হিসেবেই এসব প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।আর.কে.সি.-র মামলার শুনানি আগামী সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের একটি জুরির সামনে শুরু হওয়ার কথা ছিল। এর আগে একই ধরনের একটি বিচার প্রক্রিয়ায় মেটা ও ইউটিউব পরাজিত হয়েছিল। মেটার এক মুখপাত্র বিবিসিকে বলেন, অভিযোগগুলোর কোনো ভিত্তি ছিল না। তিনি বলেন, এই ফলাফল দেখিয়েছে যে ভিত্তিহীন মামলার বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে মেটা পিছিয়ে যাবে না।

অন্যদিকে, আর.কে.সি.-র আইনজীবী এমিলি জেফকট ও রাহুল রাভিপুদি বলেন, এই মামলার মূল উদ্দেশ্য ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম কম্পানিগুলোকে জবাবদিহির আওতায় আনা এবং তরুণদের সুরক্ষায় পরিবর্তন আনার চেষ্টা করা। তারা বলেন, আর.কে.সি. সেই লক্ষ্য অর্জন করেছে। তবে দীর্ঘদিন ধরে চলতে পারে এমন জুরি বিচারের চাপের কারণে সে এখন এই অধ্যায় শেষ করতে চায়। নিজের সুস্থতার দিকে মনোযোগ দিতে এবং স্বাভাবিক জীবনে ফিরতে সে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করছে। মেটার মুখপাত্র জানান, মামলা তুলে নেওয়ার জন্য আর.কে.সি.-কে কোনো অর্থ দেওয়া হয়নি।

আর.কে.সি.-র অভিযোগ ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু জনপ্রিয় ফিচার—যেমন শেষ না হওয়া স্ক্রল ব্যবস্থা এবং স্বয়ংক্রিয়ভাবে ভিডিও বা অন্যান্য কনটেন্ট চালু হওয়া—ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে ধরে রাখে। এর ফলে অনেক ব্যবহারকারী বারবার ফিরে আসতে বাধ্য হন এবং একপর্যায়ে তা আসক্তিতে পরিণত হতে পারে। সে আরো দাবি করেছিল, অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে তার উদ্বেগ বেড়েছে, ঘুমের সমস্যা হয়েছে এবং আরো নানা মানসিক ও ব্যক্তিগত সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এর আগে একই ধরনের অভিযোগে এক তরুণী মেটা ও ইউটিউবের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলার প্রাথমিক বিচারে জুরি সিদ্ধান্ত দেয়, তার মানসিক স্বাস্থ্যের ক্ষতির জন্য দুটি প্রতিষ্ঠানই দায়ী।

ওই রায়ে মেটা ও ইউটিউবকে ৬০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৪৪ লাখ পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে ক্ষতির জন্য কোনো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে দায়ী করার ক্ষেত্রে এটি ছিল প্রথম দিকের গুরুত্বপূর্ণ রায়গুলোর একটি। তবে ওই রায়ের বিরুদ্ধে মেটা ও ইউটিউব আপিল করেছে। লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম কম্পানিগুলোর বিরুদ্ধে আসক্তি ও ক্ষতির অভিযোগে করা শত শত মামলা চলছে। এসব মামলার মধ্যে কয়েকটি বেছে নিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আদালতের নথি অনুযায়ী, পরবর্তী একটি মামলার বিচার আগামী অক্টোবর মাসে শুরু হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রজুড়ে মেটা ও অন্যান্য বড় সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে। এসব মামলায় অভিযোগ করা হয়েছে, কম্পানিগুলোর প্ল্যাটফর্ম শিশু ও কিশোরদের জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। গত মে মাসে শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলার অভিযোগে করা একটি মামলায় একটি স্কুল জেলার সঙ্গে সমঝোতায় পৌঁছায় মেটা। ওই স্কুল জেলার অভিযোগ ছিল, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অতিরিক্ত খরচ করতে হয়েছে। তারা ৬ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছিল। তবে সমঝোতার অর্থ প্রকাশ করা হয়নি। এর কিছুদিন আগে নিউ মেক্সিকোর এক বিচারক শিশুদের জন্য নিজেদের প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার অভিযোগে মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার পরিশোধের নির্দেশ দেন।

LEAVE A REPLY