যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

ছবি : রয়টার্স

মার্কিন প্রতিনিধি পরিষদ বুধবার অল্প ব্যবধানে একটি বড় প্রতিরক্ষানীতি বিল পাস করেছে। ডেমোক্র্যাটরা বিলটির বিপুল ব্যয়, ইরান যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে পেন্টাগনের সম্পর্ক আরো জোরদারের কিছু বিধান নিয়ে আপত্তি জানালেও বিলটি অনুমোদন পেয়েছে।

২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ) অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনীর জন্য রেকর্ড ১.১৫ ট্রিলিয়ন ডলার ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিনিধি পরিষদে বিলটি ২১৬-২১২ ভোটে পাস হয়। ভোটাভুটি মূলত দলীয় লাইনে হয়েছে। সাতজন রিপাবলিকান ছাড়া বাকি সবাই বিলটির পক্ষে ভোট দেন।অন্যদিকে ছয়জন ডেমোক্র্যাট ছাড়া দলের প্রায় সবাই বিলটির বিপক্ষে ভোট দেন।

ডেমোক্র্যাটরা বলছেন, সামাজিক কর্মসূচিতে ব্যয় কমানোর সময় পেন্টাগনের জন্য এত বড় অঙ্কের অর্থ বরাদ্দ যৌক্তিক নয়। তারা ইরানের সঙ্গে চলমান যুদ্ধেরও বিরোধিতা করছেন। পেন্টাগনের হিসাব অনুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ৩৭.৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে।

রিপাবলিকানদের মতে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে সামরিক বাহিনীকে সহায়তা করা, প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, নতুন অস্ত্র ও সরঞ্জাম কেনা এবং সেনাসদস্যদের বেতন বাড়ানোর জন্য এই বিপুল ব্যয় প্রয়োজন। বিলটিতে সৈন্যদের জন্য সর্বোচ্চ ৭ শতাংশ বেতন বৃদ্ধি, নতুন ব্যারাক এবং পারিবারিক আবাসন নির্মাণের ব্যবস্থাও রাখা হয়েছে।

তবে ডেমোক্র্যাটরা বিলটির একটি ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক প্রযুক্তি সহযোগিতা আরো বিস্তৃত করবে।

তাদের মতে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে বিপুলসংখ্যক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক হতাহত হওয়ার কারণে অনেক মার্কিন নাগরিক, বিশেষ করে বামপন্থীরা, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কমানোর দাবি জানাচ্ছেন। 

এদিকে কংগ্রেসে দীর্ঘদিন ধরে সহজেই পাস হওয়া এই ‘অবশ্যই পাসযোগ্য’ প্রতিরক্ষা বিলটি ২০২৬ সালে অনুমোদন পেতে আগের চেয়ে বেশি রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

মার্কিন জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ) দীর্ঘদিন ধরে কংগ্রেসে ‘অবশ্যই পাসযোগ্য’ বিল হিসেবে পরিচিত। গত ৬৫ বছর ধরে এটি নিয়মিতভাবে কংগ্রেসে পাস হয়ে আইনে পরিণত হয়েছে।

তবে এবার বিলটি বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। সামরিক বাজেটের বিশাল আকার, ইরান যুদ্ধ, ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা এবং ট্রান্সজেন্ডার সেনাসদস্যদের অধিকারসহ বিভিন্ন ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র মতভেদ রয়েছে। পরিস্থিতি আরো জটিল হয়েছে, কারণ রিপাবলিকানরা বিলটির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ যুক্ত করার পক্ষে ভোট দিয়েছেন। 

এই আইনটি ভোটদানের নিয়ম আরো কঠোর করার প্রস্তাব দেয়। তবে সিনেটে এটি পাসের জন্য পর্যাপ্ত সমর্থন না থাকায় এনডিএএ-এর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহে সিনেটের ডেমোক্র্যাটরা এনডিএএ-এর সিনেট সংস্করণ আটকে দেন। তবে রিপাবলিকান নেতারা আগস্টের বিরতির আগে বিলটি আবারও এগিয়ে নেওয়ার চেষ্টা করার অঙ্গীকার করেছেন।

এনডিএএ পাসের প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রতিবছর প্রতিনিধি পরিষদ ও সিনেট আলাদাভাবে নিজেদের সংস্করণ পাস করে। এরপর উভয় কক্ষের আলোচনার মাধ্যমে একটি সমঝোতা সংস্করণ তৈরি করা হয়, যা আবার প্রতিনিধি পরিষদ ও সিনেটে ভোটের জন্য তোলা হয়। চূড়ান্ত বিলটি কংগ্রেসে পাস হলে তা অনুমোদন বা ভেটোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো হবে।

LEAVE A REPLY