ছবি : রয়টার্স।
ফেরারির প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি ‘লুস’ দাতব্য নিলামে ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। নতুন গাড়ি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আরএম সোথবি’সের আয়োজিত নিলামে গাড়িটি বিক্রি হয়।
লুসের এই বিক্রয়মূল্য গাড়িটির সাধারণ বাজারদামের চেয়ে ৩৫ গুণেরও বেশি। নিলামকারী প্রতিষ্ঠান সোথবি’স জানিয়েছে, বিক্রি হওয়া গাড়িটি ছিল লুসের প্রথম উৎপাদিত গাড়ি। এতে বিশেষ রঙের ফিনিশিং ও কাস্টম যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে।গাড়িটিতে রয়েছে বিশেষ নকশার চাকা ও কাস্টমাইজড ব্রেক।
আইফোনের নকশার সঙ্গে যুক্ত স্যার জনি আইভের নকশা ভাবনারও প্রভাব রয়েছে লুসের নকশায়। মে মাসে গাড়িটি বাজারে আসার পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কিছু সমালোচক বলেন, পাঁচ আসনের বৈদ্যুতিক গাড়ি হিসেবে লুস ফেরারির প্রচলিত নকশা ও ঐতিহ্য থেকে কিছুটা সরে গেছে।
গাড়িটি উন্মোচনের পরপরই ফেরারির শেয়ারের দাম কমে যায়। লুসের সমালোচকদের মধ্যে ছিলেন ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এবং ফেরারির সাবেক চেয়ারম্যান লুকা কর্দেরো দি মন্তেজেমোলো। মন্তেজেমোলো বলেন, গাড়িটি ‘ফেরারিকে ধ্বংসের ঝুঁকিতে ফেলছে’।
তবে ফেরারির প্রধান ডিজাইন কর্মকর্তা ফ্লাভিও মানজোনি মে মাসে এক সাক্ষাৎকারে বলেন, নতুন কিছু উদ্ভাবনের প্রক্রিয়ায় সমালোচনা স্বাভাবিক। তিনি আশা প্রকাশ করেন, সময়ের সঙ্গে মানুষ লুসকে পছন্দ করতে শুরু করবে।
সোথবিস জানিয়েছে, নিলাম থেকে পাওয়া পুরো অর্থ ফেরারি ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রমে দান করা হবে। তবে বিশেষভাবে তৈরি এই লুসের ক্রেতার নাম প্রকাশ করা হয়নি।
লুসের উন্মোচনকে সাম্প্রতিক সময়ে নতুন গাড়ির অন্যতম আলোচিত উদ্বোধন হিসেবে দেখা হয়েছে। এর মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রথমবারের মতো প্রবেশ করেছে ফেরারি। বর্তমানে এই বাজারে টেসলা ও চীনের বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান শক্ত অবস্থানে রয়েছে।
ফেরারির নতুন বৈদ্যুতিক গাড়িটি দেখতে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা এবং পোপ লিওকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। ফেরারি লুস বিক্রির কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা প্রকাশ করেনি। তবে ফিন্যা ন্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে গাড়িটির ব্যাপক চাহিদার কারণে কম্পানিটি এ বছরের বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ করেছে। এ বিষয়ে মন্তব্য জানতে বিবিসি ফেরারির সঙ্গে যোগাযোগ করলেও কম্পানিটি কোনো সাড়া দেয়নি।
সোথবিস এক বিবৃতিতে বলেছে, নিলামে তোলা গাড়িটি লুসের প্রথম উৎপাদিত গাড়ির মালিক হওয়ার ‘অতুলনীয় সুযোগ’ দিয়েছে। প্রতিষ্ঠানটি আরো বলেছে, এই দাতব্য নিলাম ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্ভাবন, দায়িত্ববোধ ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির একটি বাস্তব প্রকাশ’।
গাড়ির নিলামে ফেরারি প্রায়ই উচ্চমূল্যের রেকর্ড গড়ে থাকে। ২০২৫ সালে একটি নিলামে বিশেষভাবে তৈরি ফেরারি ডেটোনা এসপি৩ সুপারকার ২ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে অর্থায়নের জন্য আয়োজিত ওই নিলাম থেকে এই অর্থ সংগ্রহ করা হয়। সে সময় নতুন কোনো গাড়ির জন্য নিলামে দেওয়া সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল এটি।
তবে নিলামে বিক্রি হওয়া কোনো গাড়ির সর্বোচ্চ দামের বর্তমান রেকর্ড রয়েছে ১৯৫৫ সালের অত্যন্ত বিরল মার্সিডিজ-বেঞ্জ ৩০০ এসএলআর উলেনহট কুপের দখলে। ২০২২ সালে গাড়িটি ১৪ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হয়।










































