ডব্লিউএইচওর মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি : কে এই ড. হানান বালখির

ছবি : সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত।

২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে ড. হানান হাসান বালখিকে মনোনয়ন দিয়েছে সৌদি আরব। সোমবার (২৪ আগস্ট) হানান বালখির মনোনয়নের ঘোষণা দেয় সৌদি আরব বলে জানিয়েছে সৌদি গেজেট।

ড. বালখির জনস্বাস্থ্য, সংক্রামক রোগ, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেশ, আঞ্চলিক ও বৈশ্বিক, তিন পর্যায়েই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংস্থাটির অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সবিষয়ক প্রথম সহকারী মহাপরিচালক ছিলেন।

কর্মজীবনে ড. বালখি বিভিন্ন স্বাস্থ্যনীতি ও কর্মসূচি তৈরির পাশাপাশি সেগুলো বাস্তবায়নে কাজ করেছেন। স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা এবং সাধারণ মানুষকে স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষিত রাখাও তার কাজের অন্যতম প্রধান লক্ষ্য।

সৌদি আরব বলেছে, ড. বালখির মনোনয়নের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরো কার্যকর ও স্বচ্ছ করার পাশাপাশি সদস্য দেশগুলোর স্বাস্থ্য চাহিদা পূরণে সংস্থাটির সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলা, ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়ানো এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আন্তর্জাতিক প্রচেষ্টায় সৌদি আরব আরো সক্রিয়ভাবে কাজ করতে চায়।বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরবর্তী মহাপরিচালক নির্বাচিত হলে ড. বালখি ২০২৭ থেকে ২০৩২ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন।

LEAVE A REPLY