পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী স্বাক্ষরিত বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসল্লিরা ইবাদত-বন্দেগি, সালাত, জিকিরসহ বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে দিবসটি পালন করেন। এ আয়োজন যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সেজন্য প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। দিবসটি ঘিরে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় বিভিন্ন অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হবে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আগে থেকেই স্কেলিটন ফোর্স মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ ও নাগরিক নিরাপত্তা কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্বার্থান্বেষী মহল, সন্দেহভাজন ব্যক্তি বা কোনো গোষ্ঠী যাতে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠানকে কেন্দ্র করে হামলা, নাশকতা বা অন্য কোনো অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। বিতর্কিত বা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।
তিনি আরও জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি ছড়ানোর বিষয়টি শনাক্ত করতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।
উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে আসছে তারা।এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র্যাব প্রস্তুত রয়েছে।
শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে র্যাব। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম চোখে পড়লে তা দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।










































