১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া

ছবি: রয়টার্স।

মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দিয়ে তাদের তুরস্কে পাঠানো হবে।২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরুর পর রোহিঙ্গাদের নিয়ে এটিই সবচেয়ে বড় পুনর্বাসন উদ্যোগগুলোর একটি। শুক্রবার মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এ পরিকল্পনার কথা জানান।

এর এক দিন আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের হত্যা ও ব্যাপক যৌন সহিংসতার ঘটনা রাষ্ট্রীয়ভাবে পরিচালিত গণহত্যার অংশ ছিল। এক বিবৃতিতে আহমদ জাহিদ বলেন, মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি আরো ভালোভাবে মোকাবেলা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।এর মাধ্যমে শরণার্থী সমস্যার একটি দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিতে তুরস্ক সরকারের সম্মতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘদিন ধরে এই শরণার্থী পরিস্থিতি মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করছে। আহমদ জাহিদ আরো বলেন, শরণার্থীদের পুনর্বাসনে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার একটি উদাহরণ হতে পারে এই উদ্যোগ।

তিনি জানান, রোহিঙ্গাদের বাছাই, প্রশিক্ষণ, প্রয়োজনীয় কাগজপত্র তৈরি এবং পুনর্বাসনের পুরো প্রক্রিয়া পরিচালনায় তুরস্ক সরকার, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করবে মালয়েশিয়া। এ ক্ষেত্রে তুরস্কের শ্রমবাজারের চাহিদা, শরণার্থীদের সম্মতি এবং আন্তর্জাতিক নিয়মকানুন বিবেচনা করা হবে। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

এদিকে স্থানীয় জনগণের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য মালয়েশিয়ার ওপর চাপ বাড়ছে। ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত মালয়েশিয়ায় মিয়ানমার থেকে আসা প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিলেন।তাদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মালয়েশিয়া মিয়ানমারের ১০ হাজারের বেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

LEAVE A REPLY