জীবনের অভিজ্ঞতা কি সত্যিই মানুষকে অভিজ্ঞ করে তোলে?

সংগৃহীত ছবি

জীবনে প্রতিদিনই নানা ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় মানুষকে। কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো ব্যর্থতা আবার কখনো নতুন কিছু শেখার সুযোগ তৈরি হয়।তবে জীবনে অনেক কিছু দেখেছেন বা ঘটনার মধ্য দিয়ে গেছেন বলেই কি একজন মানুষকে অভিজ্ঞ বলা যায়? মনোবিজ্ঞানীদের আলোচনায় উঠে এসেছে, কোনো ঘটনা সরাসরি অনুভব করা আর সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জ্ঞান অর্জন করা এক বিষয় নয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী সাইকোলজি টুডে প্রকাশিত এক নিবন্ধে অভিজ্ঞতার এই দুই ধরনের পার্থক্য তুলে ধরেছে। নিবন্ধটির লেখক জে আই ক্রুগারের মতে, অভিজ্ঞতাকে দুটি আলাদা দৃষ্টিকোণ থেকে দেখা যায়। একদিকে রয়েছে জীবনে কোনো ঘটনা সরাসরি অনুভব করা, অন্যদিকে রয়েছে সেই অভিজ্ঞতা থেকে জ্ঞান, দক্ষতা ও বাস্তব বোধ তৈরি করা।

অভিজ্ঞতার দুই ধরন

নিবন্ধে অভিজ্ঞতার প্রথম ধরনকে জার্মান ভাষার ‘এরলেবনিস’ (Erlebnis) এবং দ্বিতীয় ধরনকে ‘এরফারুং’ (Erfahrung) শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে।

এরলেবনিস বলতে বোঝায় কোনো ঘটনা সরাসরি অনুভব করা বা তার মধ্য দিয়ে যাওয়া। যেমন, প্রথমবার প্রেমে পড়া, নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়া কিংবা জীবনে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া। এসব ঘটনা ব্যক্তির জীবনে স্মৃতি ও অনুভূতি তৈরি করে।

অন্যদিকে এরফারুং হলো সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন করা। অর্থাৎ শুধু কোনো ঘটনার মধ্য দিয়ে গেলেই হবে না, সেখান থেকে কী শেখা গেল এবং সেই শিক্ষা ভবিষ্যতে কীভাবে কাজে লাগানো যায়, সেটিই গুরুত্বপূর্ণ।

একজন পর্যটক নতুন কোনো জায়গায় গিয়ে নানা দৃশ্য দেখেন ও মুহূর্ত উপভোগ করেন। কিন্তু একজন ভ্রমণকারী সেই যাত্রা থেকে নতুন পরিবেশ, মানুষ ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করেন। দুজনেরই অভিজ্ঞতা হয়, তবে অভিজ্ঞতা থেকে শেখার ধরন আলাদা।

অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া কেন জরুরি?

কোনো ঘটনা মানুষের জীবনে স্মৃতি তৈরি করতে পারে। কিন্তু সেই স্মৃতি সব সময় নতুন জ্ঞান বা দক্ষতায় রূপ নেয় না। কোনো কাজে ব্যর্থ হওয়ার পর যদি একজন মানুষ নিজের ভুলগুলো বিশ্লেষণ করেন এবং পরবর্তী সময়ে সেগুলো সংশোধনের চেষ্টা করেন, তখনই সেই অভিজ্ঞতা তার বাস্তব জ্ঞানের অংশ হয়ে ওঠে।

নিবন্ধে বলা হয়েছে, বিজ্ঞানও মূলত এ ধরনের অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জনের একটি সুসংগঠিত পদ্ধতি। পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা, ভুল সংশোধন এবং নতুন তথ্যের ভিত্তিতে আগের ধারণা পরিবর্তনের মধ্য দিয়ে বিজ্ঞান এগিয়ে যায়।

যেমন, বনে হাঁটতে গিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এক ধরনের অভিজ্ঞতা। কিন্তু বাগান তৈরি, বিভিন্ন বীজের পরীক্ষা এবং গাছের পরিচর্যার মাধ্যমে কোন পরিস্থিতিতে কীভাবে গাছ ভালো জন্মায়, তা শেখা আরো গভীর অভিজ্ঞতা তৈরি করে।

শুধু অভিজ্ঞতা নয়, শেখার মানসিকতাও গুরুত্বপূর্ণ

জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা মানুষকে কিছু না কিছু অনুভব করায়। কিন্তু সব ঘটনা থেকে মানুষ সমানভাবে শিক্ষা নিতে পারে না। কোনো অভিজ্ঞতা থেকে কী শিখলাম, কেন এমন হলো এবং ভবিষ্যতে একই পরিস্থিতিতে কীভাবে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়—এসব প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়েই বাস্তব অভিজ্ঞতা তৈরি হয়।

তাই বয়স, জীবনে ঘটে যাওয়া ঘটনার সংখ্যা কিংবা কত জায়গায় ঘোরা হয়েছে, শুধু এসব দিয়ে একজন মানুষের অভিজ্ঞতা বিচার করা যায় না। বরং সেই অভিজ্ঞতাগুলো থেকে কতটা জ্ঞান, দক্ষতা ও বাস্তব বোধ অর্জিত হয়েছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

জীবনে অভিজ্ঞতা অর্জন করা স্বাভাবিক। কিন্তু সেই অভিজ্ঞতাকে শিক্ষা ও প্রজ্ঞায় রূপ দিতে প্রয়োজন পর্যবেক্ষণ, চিন্তা এবং শেখার আগ্রহ।

LEAVE A REPLY