সংগৃহীত ছবি
হঠাৎ করেই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে ছড়িয়ে পড়ে নানা খবর। এমনকি গোপনে তিনি ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন বলেও দাবি করা হয়।তবে এসব খবরকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী। এ ধরনের অপপ্রচারে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানিয়েছেন তিনি।
প্রভা গণমাধ্যমকে বলেন, ‘আমি কিছুই জানি না। হঠাৎ শুনলাম, আমার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে।এ নিয়ে কী বলব! সত্য হলো, আমি বিয়ে করিনি। চুক্তিভিত্তিক বিয়ের কথাও বলা হচ্ছে। আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি। আমাকে নিয়ে যেসব কথা ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’
প্রভার অভিযোগ, তাঁর বিয়ে নিয়ে খবর প্রকাশ করা হলেও বিষয়টি যাচাই করতে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। নিজের মতো করে বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে প্রভা বলেন, ‘আপনাদের লেখার শক্তি আছে। একই কলম কাউকে ভয়ংকর মানুষ হিসেবে, আবার কাউকে চমৎকার মানুষ হিসেবে তুলে ধরতে পারে। এই শক্তির সঙ্গে দায়িত্বও আসে।তাই কারো ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো অভিযোগ প্রকাশের আগে অনুগ্রহ করে তথ্য যাচাই করুন। আমার সঙ্গে কথা বলুন। তাহলে সত্যটা সহজেই জানা যেত।’
‘চুক্তিভিত্তিক বিয়ে’ নিয়ে ছড়িয়ে পড়া এই ভুয়া খবর তাঁকে মানসিকভাবে বেশ বিপর্যস্ত করে তুলেছে। কারণ, অনেকেই যাচাই না করেই বিষয়টি সত্য বলে ধরে নিচ্ছেন বলে মনে করছেন অভিনেত্রী।
এ সময় ভক্তদেরও গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান প্রভা। তিনি বলেন, ‘আপনারা কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। আমার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা যেকোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য সব সময় আমার ফেসবুকের মাধ্যমে জানানো হবে। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।’











































